দৌলতপুরে বোমা হামলায় গরুর ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও বোমা হামলায় কাবের উদ্দিন ওরফে কাবিরুল (৪৫) নামের বিএনপির এক নেতা নিহত হয়েছেন। কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলাকে সংযোগকারী কাজীপুর সেতুতে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।কাবের উদ্দিনের বাড়ি দৌলতপুরের ধর্মদহ গ্রামে। দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঙ্গল সরকার প্রথম আলোকে জানান, কাবের উদ্দিন দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির পল্লী উন্নয়ন, সমবায় ও গ্রামবিষয়ক সম্পাদক। তিনি গরুর ব্যবসা করতেন। এদিকে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ গাংনীর বামুন্দী বাজার থেকে একটি পিস্তল ও ছয়টি গুলিসহ শামীম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্যমতে, শামীম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মেহেরপুরের আঞ্চলিক কমান্ডার। তাঁর বাড়ি বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে গাংনী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং কুষ্টিয়ার মীরপুর থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি মতিয়ার রহমান। এর আগে বৃহস্পতিবার রাত তিনটার দিকে মেহেরপুর সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের মাঠে ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলো পরে সদর থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়। দৌলতপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কাবের উদ্দিন তাঁর গ্রামের পাশের গাংনীর কাজীপুর গ্রামের বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। কাজীপুর সেতু পার হওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কাবের উদ্দিন দৌড়ে সেতুর ধর্মদহ প্রান্তে এলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে তিনি লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের মানুষ জড়ো হয়ে কাবের উদ্দিনের মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে দৌলতপুর থানার পুলিশ কাবেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কাবের উদ্দিনের স্ত্রী শাহানাজ পারভীন দৌলতপুর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত চার-পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে গতকাল সকালে হত্যা মামলা দায়ের করেন। শাহানাজ প্রথম আলোকে জানান, তাঁর স্বামী গরুর ব্যবসা করতেন। ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে হত্যার ঘটনা ঘটতে পারে।মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মামলার তিন নম্বর আসামি গাংনীর কাজীপুর গ্রামের আলাউদ্দীনকে (৫৫) গতকাল গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।