দৌড়ঝাঁপে মিলেছে শুধু ইট!
রংপুরের কাউনিয়া উপজেলায় মাত্র ৯০০ মিটার রাস্তার জন্য জনদুর্ভোগ চরমে উঠেছে। উপজেলা পরিষদ থেকে ১০০ মিটার পশ্চিমে থানা রোডের টেলিফোন এক্সচেঞ্জ থেকে কাউনিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত এ রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। রাস্তাটির পূর্ব দিকে উপজেলা পরিষদ, রেলওয়ে স্টেশন, কাউনিয়া বালিকা বিদ্যালয়, বাজার আর পশ্চিম দিকে কাউনিয়া মহাবিদ্যালয়, তকিপল হাট, কাউনিয়া মহিলা কলেজ, কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রাস্তাটি জেলা পরিষদের অধীনে থাকায় রাস্তাটির উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এলাবাসীর নানা দৌড়ঝাঁপের পর প্রায় পাঁচ বছর আগে রাস্তার মাত্র অর্ধাংশে ইট বিছিয়ে দিয়েছে জেলা পরিষদ। সেগুলোও রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে যাচ্ছে। বর্ষাকালে রাস্তার কাঁচা অংশ কাদাপানিতে একাকার হয়ে যায়। তখন জনগণের ভোগান্তির অন্ত থাকে না। স্থানীয় শিক্ষক সারওয়ার আলম বলেন, বিভিন্ন সময় শুধু প্রতিশ্রুতিই মিলেছে। কিন্তু রাস্তা আর পাকা করা হয়নি। বর্ষায় আমাদের কাদাপানি মাড়িয়েই চলতে হয়। কোনো রিকশাওয়ালাও তখন এ রাস্তায় আসতে চান না। ইউনিয়ন পরিষদের সদস্য মনজুয়ারা বেগম জানান, রাস্তাটির ব্যাপারে উপজেলার সংশ্লিষ্ট কার্যালয়ে বারবার যোগাযোগ করেও কাজ হয়নি। বালাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল হক বলেন, ‘রাস্তাটি শিগগিরই পাকা করা দরকার। বরাদ্দ না থাকায় তা করতে পারছি না।’ উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, ‘নতুন প্রকল্প করে রাস্তাটি যাতে দ্রুত পাকা হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব।’