দ্বার খুলছে প্রাণের মেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতুড়ি-বাটালি-পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ। মাঘের হিমেল বাতাসে কাঁচা রঙের ঝাঁজালো ঘ্রাণ। নির্মাণকর্মীদের দিনরাত খাটুনির পালা শেষ হয়ে এসেছে। বাংলা একাডেমী চত্বর এখন তৈরি এ দেশের সংস্কৃতি-জগতের সবচেয়ে বড় নিয়মিত আয়োজন অমর একুশে বইমেলার জন্য।বরাবরের মতোই রাষ্ট্রভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। গতকাল বুধবার দেখা গেল, স্টলগুলোর ভেতরের সাজসজ্জা ও নামফলক লেখার মতো শেষ মুহূর্তের কাজ চলছে।দেশের সৃজনশীল প্রকাশনাশিল্পের প্রধান অবলম্বন মাসব্যাপী এই বইমেলা। জাতির মেধা ও মননের প্রতীক বলে খ্যাত বাংলা একাডেমী চত্বরে আয়োজিত এই মেলাকে কেন্দ্র করেই মূলত সৃজন ও মননশীল বইয়ের সারা বছরের প্রকাশনা ও বিপণনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। মেলার শুরু থেকে শেষ দিনটি পর্যন্ত ঢাকা মহানগরসহ সারা দেশের গ্রন্থানুরাগীদের যে বিপুল সমাগম ঘটে থাকে, এককথায় তা অনন্য। গ্রন্থানুরাগের সঙ্গে একুশের চেতনার মেলবন্ধনে এই মেলাটিকে এ দেশের মানুষ গ্রহণ করেছে প্রাণের মেলা হিসেবে। এবার একুশের বইমেলা শুরু হচ্ছে একটু আলাদা বৈশিষ্ট্য নিয়ে। মেলাটিকে কেবল প্রকাশকদের মেলায় পরিণত করে তুলতে সচেষ্ট একাডেমী কর্তৃপক্ষ। এবার অংশ নিচ্ছে ২৩৬টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান থাকবে ১৮টি এবং সেবামূলক সংস্থার স্টল থাকবে আটটি। সব মিলিয়ে স্টলের সংখ্যা ২৬২টি। মেলার বাইরের সড়কে কোনো স্টল থাকবে না। ভেতরেও কোনো এনজিও বা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে স্টল বরাদ্দ দেওয়া হয়নি।জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ না থাকলেও তাঁর প্রভাব শুরু থেকেই থাকবে মেলায়। মেলা উৎসর্গ করা হচ্ছে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হবে হুমায়ূন আহমেদের সর্বশেষ উপন্যাস দেয়াল। তাঁর বেশ কিছু অগ্রন্থিত রচনা ও শিশুতোষ গ্রন্থও প্রকাশিত হবে এই প্রতিষ্ঠান থেকে।২০১১ সাল থেকে বাংলা একাডেমী বইমেলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যে বিশ্বখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান করার প্রয়াস ছিল। আগের দুই বছর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম রাদিচে এসেছিলেন উদ্বোধনীতে। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে জানান, এ বছর চেষ্টা করা হয়েছিল তুরস্কের নোবেলজয়ী ঔপন্যাসিক ওরহান পামুককে আনার। তাঁর সঙ্গে কথাবার্তাও হয়েছিল। পামুক রাজিও হন। তবে শেষ মুহূর্তে এসে কোনো বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ায় আসতে অপারগতা প্রকাশ করেন তিনি। সে কারণে অন্য কারও সঙ্গে আর যোগাযোগ করাও সম্ভব হয়নি। তবে আগামী বছর যেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো সাহিত্যিককে আনা যায়, সেই চেষ্টা থাকবে। মহাপরিচালক এ প্রসঙ্গে জানালেন, আগামী এপ্রিল মাসে একাডেমীর উদ্যোগে ফোকলোর সম্মেলন হবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ফোকলোরবিদেরা অংশ নেবেন।এবার মেলামঞ্চের নিয়মিত আলোচনার প্রধান বিষয় হবে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের কৃতী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম। মহাপরিচালক জানালেন, এঁদের মধ্যে থাকবেন ১৯৬৪ সালের দাঙ্গায় নিহত আমির হোসেন চৌধুরী ও ব্রজেশ কুমার রায়। এ ছাড়া অদ্বৈত মল্লবর্মণের জন্মশতবার্ষিকী উপলক্ষে থাকবে তাঁকে নিয়ে বিশেষ আলোচনা। আবদুল হক চৌধুরী, ডি এল রায় ও স্বামী বিবেকানন্দকে নিয়ে থাকবে আলোচনা।মেলায় লোকসমাগম প্রতিবছরই বাড়ছে। কিন্তু পরিসর এ বছরও বাড়ল না। মহাপরিচালক জানালেন, আণবিক শক্তি কমিশনের প্রাঙ্গণ পাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও জানিয়েছে, সারা মাসের জন্য মাঠটি মেলার জন্য দেওয়া সম্ভব হবে না। বাকি থাকে সামনের সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে মেলা হতে পারে। তবে সেটি যৌথভাবে একাডেমী ও জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজন করলে ভালো হয়। এবারের মেলাতেই এ বিষয়ে আলোচনা করা হবে। তারপর সরকারের কাছে প্রস্তাবটি তোলা হবে। সে প্রস্তাব পাস হবে কি না, তা ভবিতব্যের বিষয়। তবে এক দিন বাদেই যে মেলার দ্বার খুলছে, তা যে স্পন্দিত হবে অগণিত বাঙালির প্রাণের স্পন্দনে, এ নিয়ে কোনো সন্দেহই নেই।