দ্বিখণ্ডিত আমেরিকা
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন। কিন্তু, নির্বাচনের ফল বলছে, কয়েক দশক আগেও মার্কিনরা যেমন দ্বিধাবিভক্ত ছিল, এখনো তা-ই আছে। দেখা যাচ্ছে, সংখ্যাগত দিক দিয়ে জনগণের দুই অংশের মধ্যে পার্থক্য খুব কম। কিন্তু, আদর্শ ও আনুগত্যের দিক দিয়ে এই পার্থক্য ক্রমে বাড়ছে। অনেক দূর থেকে যাঁরা যুক্তরাষ্ট্রের দিকে তাকাবেন, এ বিভক্তি দেখে তাঁরা বিস্মিত হতে পারেন। দেশটির ৫১-৪৯ শতাংশ জনসমর্থন পাওয়া দলগুলো নির্বাচনী প্রচারাভিযান থেকে শুরু করে সব জায়গায় বারবার বিবাদে জড়িয়ে পড়েছে। দেখে মনে হয়, এ যেন ডান ও বামপন্থীদের মধ্যকার অমীমাংসিত লড়াই। সম্প্রতি ‘দিস অ্যামেরিকান লাইফ’ শিরোনামের একটি রেডিও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সামাজিক জীবনে মতবিরোধের প্রভাব কতটুকু, সে বিষয়টি উঠে এসেছে। এক ব্যক্তি জানান, রাজনৈতিক মতপার্থক্যের জন্য আরেক বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। একজন শিক্ষার্থী বলেছে, তার বন্ধু ওবামার স্বাস্থ্যনীতি সমর্থন করে না, যেন মনে হয় তার কাছে জীবনের কোনো মূল্যই নেই। এ কারণে ওই বন্ধুর সঙ্গে সে সব ধরনের সম্পর্ক ত্যাগ করেছে। আরেক ব্যক্তি তাঁর বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। দুই বোন একমত হতে না পারায়, একজন আরেকজনের ওপর চড়াও হয়েছে। কিন্তু, একটু ভেবে দেখলে বোঝা যায়, অবস্থাটি আসলে খুব অদ্ভুত। যদি মার্কিনরা সত্যিই দুটি বিপরীতমুখী রাজনৈতিক আদর্শে বিভক্ত হয়ে থাকে, তবে একই সঙ্গে আরও একটি ঘটনা ঘটার কথা। দেশটির দার্শনিকেরাও সমান রকম দুটি অংশে বিভক্ত হয়ে সমর্থন জানানোর কথা। এটা হলে বোঝা যেত, পরিস্থিতি স্থিতিশীল। কিন্তু, প্রকৃত পরিস্থিতি এমন কথা বলে না। দেখা গেছে, দুই দলের মতাদর্শের প্রতি অনুগতদের মধ্যে বিকাশ বা পরিবর্তন হচ্ছে অনেক কম। এ কারণে জনসংখ্যাভিত্তিক হিসাবটি ৫০ শতাংশের আশপাশেই থাকছে। এ বিভক্তিকেও যদি আপাতভাবে স্থিতিশীল ধরে নেওয়া হয়, তবু প্রশ্ন থেকেই যায়। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি দলের মূল প্রবণতা হলো নিজের সমর্থকদের ধরে রাখা। সব ধরনের কাজকর্মের মধ্য দিয়ে দুদলই একই কাজ করতে চাইছে। অবিশ্বাস্য হলেও, যুক্তরাষ্ট্রের মতো একটি যুক্তিবাদী সামজে এমনটাই ঘটছে। রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে দুদলের সমর্থকদের সংখ্যাগত তফাতও বেশ কম। কর ছাড়ের সর্বোচ্চ মাত্রা কত হবে, এ বিষয়ে দুদলের সমর্থন ৩৫ ও ৩৯.৬ শতাংশ। স্বাস্থ্যবিমাসহ অন্যান্য বিষয়েও এই একই অবস্থা। কিন্তু, আদর্শগত জায়গা থেকে দেখলে এই রাজনৈতিক বিভক্তিকে যৌক্তিক বলে মনে হয় না। রিপাবলিকানরা বুঝাতে চাইছে, ডেমোক্র্যাটরা আসলে সমাজতান্ত্রিক। ডেমোক্র্যাটরা বুঝাতে চাইছে, রিপাবলিকানরা আসলে সামাজিক ডারউইনবাদী এবং জঙ্গি সাম্রাজ্যবাদী। কিন্তু, এসব তর্কের মধ্যে আপনি কীভাবে প্রগতিশীল বিশ্বাস খুঁজে পাবেন?কার্যত দুই দলের সমর্থকদের মধ্যকার এ তিক্ত বিভক্তির গোড়ায় আছে দুই ধরনের উপাদান। একটি হলো দুই দল নিজেরা, আরেকটি হলো গণমাধ্যম। দল দুটির মধ্যে পেশাদারি বেড়েছে, বিভিন্ন প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। এসবের মধ্য দিয়ে তারা নিজেদের সমর্থকদের অংশত ধরে রাখতে সমর্থ হচ্ছে। আর গণমাধ্যমও এমনভাবে সংবাদ প্রচার করছে, যাতে মনে হচ্ছে, সবকিছু এ দুই দলকে কেন্দ্র করেই ঘটছে। ঘোড়দৌড়ের খবর যেমন সব পত্রিকা একই রকম করে প্রচার করে, এ ক্ষেত্রেও তেমনই ঘটছে। গণমাধ্যম আর সামাজিক যোগাযোগের মাধ্যমের যৌথতায় এই প্রবণতা কেবল বেড়েছে। আমরা বাজারে অনেক পণ্যের তুলনা করে একটি নিতে চাইছি, কিন্তু পণ্যের প্রস্তুতকারকেরা আগেই সব এক রকম করে রেখে দিয়েছেন। অধিকাংশ মার্কিনের মধ্যে দলের প্রতি আনুগত্য খুব নৈতিক নিরপেক্ষতা থেকে আসে না, তাদের টেনে নেওয়া হয়। কর্মনীতি নিয়ে খুব বেশি বিতর্কও দেখা যায় না। দুই রাজনৈতিক দলের মূল আগ্রহের বিষয়টি এমন জায়গায়, যাতে কেউই কারও চেয়ে খুব কম বা বেশি ক্ষমতাবান হবে না। দুদলের মধ্যে একরকম ভারসাম্য থাকবে। কিন্তু, এজন্যও দল দুটির মধ্যে প্রতিযোগিতা চলছে। দুদলের বিতর্ক গড়াচ্ছে সমর্থকদের মধ্যেও। এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ওপর দায়িত্ব বর্তেছে, নিজেদের সম্পর্ক উন্নয়নের। দর্শন ও নৈতিকতার মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন। এর বাইরে নতুন কোনো উদ্যোগেরও হয়তো দরকার নেই। বারাক ওবামা ক্ষমতায় ফিরে এসেছেন। আগের বারের মতো এবারও তাঁর পাশে থাকছে রিপাবলিকান কংগ্রেস ও ডেমোক্র্যাট সিনেট। রাজনৈতিক বিতর্কও হয়তো আগের মতো জারি থাকবে। রক্ষণশীল ও উদারপন্থীরা হয়তো রাজনৈতিক দর্শনের মৌলিক বিষয়গুলোতে পুরোপুরি একমত হবেন না। কিন্তু, আমেরিকান নেতাদের উচিত হবে তর্ককে রেষারেষির পর্যায়ে যেতে না দেওয়া। সমর্থকদের মধ্যে এমন পরিস্থিতির উদ্ভব হওয়া উচিত নয়, যাতে তাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। দ্য ইকোনমিস্ট।