দ্বিগুণ অর্থের লোভ দেখিয়ে আইসিএলের প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আমিন অবসর নেওয়ার পর প্রাপ্ত ২৪ লাখ টাকা জমা রেখেছিলেন আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে (আইসিএল)। কথা ছিল, তিন মাসের মেয়াদে দ্বিগুণ অর্থ ছাড়াও মাসিক দুই হাজার টাকা করে লভ্যাংশও পাবেন। অথচ দেড় বছর ধরে আইসিএলের স্থানীয় ও প্রধান কার্যালয়ে ধরনা দিয়েও টাকা বা লাভের মুখ তিনি দেখছেন না। একই অবস্থায় পড়েছেন পুরান ঢাকার হাজি নবী। বছর তিনেক আগে তিনি জমা রেখেছিলেন সাড়ে ছয় লাখ টাকা। প্রথমে লভ্যাংশ পেলেও দেড় বছর ধরে কোনো টাকার মুখ তিনি দেখছেন না। এখন মূল টাকা পাবেন কি না, এমন ভরসাও পাচ্ছেন না।এ রকম উদাহরণ অসংখ্য। মূলত প্রায় দুই বছর ধরেই লভ্যাংশ বা আমানতের অর্থ কোনোটাই ফেরত পাচ্ছেন না আইসিএলের আমানতকারীরা। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে আমানতের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।এখন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ দেশের সব কটি অফিসে তালা ঝুলছে। কর্মকর্তা-কর্মচারীরাও লাপাত্তা। শাখা অফিসগুলোও বন্ধ। আবার প্রতিষ্ঠানের নামে অনেক বিনিয়োগ প্রকল্পের কথা বলা হলেও সেগুলোর সবই ভুয়া। বিশেষ করে দই, দুধ ও মাঠা উৎপাদনকারী কারখানার বিষয়টি যথেষ্ট প্রচার করা হলেও নারায়ণগঞ্জ বা কুমিল্লা বা চৌদ্দগ্রাম—কোথাও এ কারখানার অস্তিত্ব মেলেনি।প্রতিষ্ঠানের মূল কর্ণধার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এইচ এন এম শফিকুর রহমানের খোঁজ নেই। তাঁর মুঠোফোন বন্ধ। তাঁর গ্রামের বাড়ি ও ঢাকার বাড়ির কোথাও তিনি বা তাঁর পরিবারের কেউ নেই। তিনি বর্তমানে বিদেশে বলে জানা গেছে।ইতিমধ্যে আইসিএলের দোহার, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, শেরপুর, যাত্রাবাড়ী, বাসাবো, মগবাজার, শ্যামলী, কুড়িল, নিউমার্কেট, ফার্মগেট ও মিরপুর শাখা বন্ধ হয়ে গেছে।এ পরিস্থিতিতে সরকার প্রতিষ্ঠানটি অবসায়নের সিদ্ধান্ত নিলেও পরে সেখান থেকে সরে এসেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অবসায়ক নিয়োগ আদেশ বাতিল করে সমিতি হিসেবে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। সমিতির কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য ১২ সদস্যের একটি অ্যাডহক কমিটিও গঠন করেছে মন্ত্রণালয়। ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক (বিচার) ভবেশ চন্দ্র মিত্রকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।আইসিএল বন্ধ হয়ে গেলে বিনিয়োগ করা অর্থ ফেরত না-ও পেতে পারেন—এমন আশঙ্কায় গ্রাহকেরা এবং সমিতির বর্তমান সদস্যরা কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহ পোষণ করে সমবায় সচিবের কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়। এর আগে গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে আইসিএলের অবসায়ন-প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। গত ২৫ ফেব্রুয়ারি ভবেশ চন্দ্র মিত্রকে অবসায়ক নিয়োগ করা হয়।জানতে চাইলে ভবেশ চন্দ্র মিত্র প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব বুঝে নিয়েছি। প্রথম সভাও করেছি। আমরা এখন সমিতি চালু রাখা ও এর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আইন অনুযায়ী ১২০ দিনের মধ্যে সমিতির নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।’মূলধন বা লভ্যাংশ পাচ্ছেন না: রাজধানীর বিজয়নগরের দেওয়ান কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রধান কার্যালয়। সেখানে কোনো কর্মকর্তা বা প্রশাসনের কাউকে পাওয়া যায়নি। ঢাকা ও কুমিল্লা মিলে আইসিএলের মোট ৩৪টি সমিতি। ঢাকায় ২৯টি এবং কুমিল্লায় পাঁচটি। কুমিল্লা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, নগরের কান্দিরপাড়, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকরা ও দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এসব শাখায় প্রায় ৮-১০ হাজার গ্রাহক রয়েছেন। তিন-চার মাস ধরে সেখানকার গ্রাহকেরা সুদ বা লভ্যাংশ পাচ্ছেন না। তাঁরাও স্থানীয় আইসিএল অফিস ও কর্মকর্তাদের কাছে ধরনা দিচ্ছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া এলাকার মার্ক টাওয়ারের আইসিএলের অফিস দুই বছর আগেই বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির লোকজন স্থানীয়দের জমা রাখা অর্থ আত্মসাৎ করেই পালিয়ে গেছেন। এমনকি তাঁরা ভবনের আনুষঙ্গিক খরচও পরিশোধ করেননি।আইসিএল প্রুপের আরেক প্রতিষ্ঠান আইসিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের কাছ থেকে প্লট কিনেও প্রতারিত হয়েছেন অনেকেই। প্রায় দুই বছর আগে প্লট কিনে এখনো দলিল পাননি ক্রেতারা। যেসব জমি প্লট আকারে বিক্রি করেছে রিয়েল এস্টেট কোম্পানি, তার সবই সরকারি খাসজমি।