দ্বিতীয় দিনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে।আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে অংশ নিয়ে ট্রাইব্যুনালের রায় পড়ে শোনান।প্রথম দফায় সকাল ১০টা ২০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত শুনানি হয়। পরে বিরতি দিয়ে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত আজকের দিনের মতো শুনানি হয়। কাল বৃহস্পতিবার আবার শুনানি হওয়ার কথা।শুনানির শেষ পর্যায়ে আদালত বলেন, যে গতি দেখাচ্ছেন, গতি বাড়াতে হবে। সর্বোচ্চ আদালতকে যে সময়সীমা দিলেন, তা প্রশংসা না করে পারা যায় না।আদালত থেকে বের হয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, রায় পড়া চলছে। রায়ের ১২০ প্যারা থেকে ২২৯ প্যারা পর্যন্ত উপস্থাপন করেছি। কাল আবার রায় উপস্থাপন করা হবে।এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ওই পাঁচটিতে দেওয়া সাজা অপর্যাপ্ত বলে এবং খালাস আদেশ বাতিল চেয়ে সর্বোচ্চ দণ্ডের আরজি জানিয়ে ৩ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ। কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের আরজি জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। এ অবস্থায় ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রাখা হয়।