দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত করার দাবিতে বিক্ষোভ
ঢাকার কেরানীগঞ্জে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর ওপর দিয়ে যান চলাচল টোলমুক্ত করার দাবিতে আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সিএনজি-চালিত অটোরিকশাচালকেরা বিক্ষোভ করেছেন। তাঁরা এ সময় সেতুর দক্ষিণ প্রান্তে আগানগর এলাকা অবরোধ করে রাখেন। এতে ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেতুটিকে টোলমুক্ত করতে সকাল ১০টা থেকে সিএনজি-চালিত অটোরিকশাচালকেরা বিক্ষোভ শুরু করে। এঁদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সম্পৃক্ত হয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। দুপুর ১২টার দিকে প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা উত্পল চক্রবর্তী মোটরসাইকেল নিয়ে ঢাকায় আসতে গেলে বিক্ষোভকারীরা বাধা দেয়। একপর্যায়ে তারা ওই দুজনের মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দয়ে। এতে ওই দুজন তাঁদের গাড়ি ফেলে দৌড়ে প্রাণে বাঁচেন। তবে আগুনে তাঁদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।