দ্বিতীয় টেস্টে আরেকটু ভালোর আশা
বাংলাদেশের উইকেট যে ইংল্যান্ডের মতো হবে না, সেটা মেনেই নিয়েছেন অ্যালিস্টার কুক। ব্রিটিশ মিডিয়ার আগ্রহ তারপরও কমে না। সুযোগ পেলেই তাঁরা পা টিপে টিপে চলে যান উইকেটের কাছে। বোঝার চেষ্টা করেন কী রহস্য লুকিয়ে তাতে।চট্টগ্রাম টেস্ট পাঁচ দিনে গড়ানোর কৃতিত্ব উইকেটকেই বেশি দিতে চান ব্রিটিশরা। আজ থেকে শুরু ঢাকা টেস্টের জন্যও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সে রকমই ব্যাটিং-বান্ধব কোনো গালিচা পাতা কি না, সেটা নিয়ে তাঁদের কৌতূহলের শেষ নেই। কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জেমি সিডন্সকে পেয়ে সে কৌতূহল মেটানোর চেষ্টা করলেন কেউ কেউ। তাতে উইকেটের রূপ চেনা গেল কি না কে জানে, তবে একটা কাজ হলো। আজ টসে জিতলে বাংলাদেশ কী নেবে, সে সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলেন কোচ, ‘আমরা যে রকম আশা করছি, উইকেট যদি সে রকমই হয়, অর্থাত্ প্রথম দিনে ফ্ল্যাট থাকে, তাহলে টসে জিতলে আমরা ব্যাটিং করব। আর যদি প্রথমে বল করতে হয় তাহলে ঠিক জায়গায় বল ফেলে তাদের (ইংল্যান্ডের) রান নেওয়ার কাজটা কঠিন করে তোলার চেষ্টা করব।’চট্টগ্রাম টেস্টে এই কাজ একদমই করা যায়নি। বোলারদের জন্য সেখানে ছিল কেবলই শূন্যতা। শেরেবাংলা স্টেডিয়ামের কালো মাটির উইকেটে উল্টোটা আশা করাই যায়। তবে এই উইকেটও মাঝেমধ্যে এমনই বিশ্বাসঘাতকতা করে যে, গ্যারান্টি দিয়ে কিছু বলা কঠিন। ম্যাচের আগের দিন আরেকটা সম্ভাবনার কথা বলেও তাই অবস্থান বদলালেন না সিডন্স, ‘ম্যাচের শেষ দিকে এখানে বল টার্ন করবে। ফুটমার্ক তাতে বড় ভূমিকা রাখবে। এমনকি প্রথম দিনেও টার্ন হতে পারে, কিন্তু আমরা ঝুঁকি নেব কেন?’চট্টগ্রাম টেস্টের দলে দুটো পরিবর্তন। পেসার শাহাদাত হোসেনের জায়গায় সফিউল ইসলাম ও আফতাব আহমেদের জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে জহুরুল ইসলামের। আর একটু হলেই ঢাকা টেস্টের উইকেট সবচেয়ে বেশি চেনা থাকতে পারত জাতীয় লিগের ফাইনালে সেঞ্চুরি করা জহুরুলেরই। কিন্তু ফাইনাল যে উইকেটে হয়েছিল, টেস্টটা সে উইকেটে হচ্ছে না, হচ্ছে তার পাশের উইকেটে। তার পরও অভিষেক টেস্ট যে মাঠে খেলছেন, সে মাঠে খেলা সর্বশেষ ম্যাচেই আছে একটা ফিফটি আর একটা সেঞ্চুরি। সেটাও বা কম কি জহুরুলের জন্য?ইংল্যান্ড সিরিজে ১-০-তে এগিয়ে। প্রতিপক্ষ বাংলাদেশ না হয়ে বড় কোনো দল হলে এ রকম পরিস্থিতিতে প্রথম প্রশ্ন হতো—সিরিজ কি ড্র হবে নাকি হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসবে ইংল্যান্ড? প্রতিপক্ষ বাংলাদেশ বলেই এ রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শুরু হচ্ছে না টেস্টটা। এখানেও সেই একই প্রশ্ন—বাংলাদেশ এই টেস্টকে কয় দিনে নিয়ে যেতে পারবে?ইংল্যান্ডের জন্য সেটা যত কম দিন হয় ততই মঙ্গল। তাড়াতাড়ি টেস্ট জেতাটা শুধু বাংলাদেশের সঙ্গে নিজেদের সামর্থ্যের আসল চিত্র তুলে ধরার জন্যই নয়, প্রায় এক মাসের এই সফর শেষে এখন বাড়ি ফেরার জন্যও যেন আনচান করছে তাঁদের মন। অধিনায়ক অ্যালিস্টার কুক তো কাল সংবাদ সম্মেলনে বললেনও, ‘দেশে ফেরার জন্য সবার মনই অস্থির হয়ে আছে, তবে এর আগে পাঁচটা দিন আমাদের খুব মনোযোগী হতে হবে।’মনোযোগী বাংলাদেশকেও হতে হবে এবং তার কারণ এই টেস্টটা সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের পারফরম্যান্স যা-ই হোক, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের তার চেয়ে একটু হলেও খারাপ খেলাটাই যেন নিয়ম! তবে এবার সিডন্সকে ভরসা জোগাচ্ছে দলের ব্যাটিং-শক্তি, ‘চার নম্বর ব্যাটসম্যান ছাড়া টপ-অর্ডারের সব ব্যাটসম্যানেরই টেস্টে সেঞ্চুরি আছে এবং গত চার মাসেই তা হয়েছে। এই পর্যায়ে পারফর্ম করার ব্যাপারে তারা সবাই আত্মবিশ্বাসী। এখন শুধু দরকার একই ম্যাচে তাদের পারফরম্যান্সকে একসঙ্গে করা।’সিডন্সের আশাপূরণ হলেই কেবল বলা যাবে বাংলাদেশ ভালো খেলেছে। নইলে বাংলাদেশ দলের ভালো খেলার মানে কিন্তু এখন ম্যাচের অংশবিশেষেই ভালো খেলা। হয়তো শুরুটা খুব ভালো হচ্ছে, পরের দিকে সেটার ধারাবাহিকতা থাকছে না। অথবা শুরুটা বাজে, মাঝের আর শেষের কিছু জোগানে শেষ দৃশ্যটা মোটামুটি ভালো। টেস্ট ক্রিকেটে এই ভালোই কিন্তু আসল ভালো নয়। এখানে ভালোর অর্থ যদি হয় সাফল্য, তাহলে ভালো খেলতে হবে সব সেশনেই।উন্নতির পথে থাকলেও সেই ভালোর দেখা কি এখনো পেয়েছে বাংলাদেশ?