দ্বিতীয় দফা বিতর্কে স্বরূপে ওবামা
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় দফা সরাসরি বিতর্কে অংশ নিয়েছেন। প্রথমবারের তুলনায় প্রতিপক্ষ রমনির বিরুদ্ধে এবার ওবামা ছিলেন বেশ আক্রমণাত্মক। দ্বিতীয় দফা বিতর্কে রিপাবলিকান প্রার্থী রমনি ধরাশায়ী না হলেও ভালো করেছেন ওবামা। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় দেখা গেছে, ডেমোক্র্যাট সমর্থকেরা মনে করছেন, দ্বিতীয় দফা বিতর্কে ওবামাকে স্বরূপে দেখা গেছে।নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ বিতর্ক অনুষ্ঠান হয়। প্রখ্যাত সাংবাদিক ক্যান্ডি কাউলি এটি সঞ্চালনা করেন। বিভিন্ন শ্রেণী-পেশার ৮৪ জন ভোটার এ বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন। বিতর্কে প্রথম থেকেই রমনিকে ধরাশায়ী করতে তত্পর ছিলেন ওবামা। গতকাল ওবামার তর্ক ছিল বেশ শাণিত। পুরো সময় তিনি ছিলেন উদ্যমী। বিতর্কে দুই প্রার্থী কর্মসংস্থান, কর, খনিজ সম্পদ, অভ্যন্তরীণ বিষয় ও পররাষ্ট্রনীতি নিয়ে তুমুল বাকযুদ্ধে লিপ্ত হন। তাঁরা পরস্পরের বক্তব্য চলাকালে বেশ কয়েকবার হস্তক্ষেপ করে পাল্টা বক্তব্য দেন।অন্যদিকে জনমত জরিপের চাঙা অবস্থা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেন রিপাবলিকান মিট রমনি। গত সাড়ে তিন বছরে প্রেসিডেন্ট ওবামার ব্যর্থতা তুলে ধরতে মিট রমনিও ছিলেন আক্রমণাত্মক।বিতর্কের শুরুতেই রিপাবলিকান প্রার্থী রমনি বলেন, দেশের উন্নয়নে তাঁর পাঁচ দফা পরিকল্পনা রয়েছে। জবাবে ওবামা বলেন, ‘রমনির পরিকল্পনা পাঁচ দফা নয়, মাত্র এক দফা। আর তা হলো ওপরতলার লোকজন চলবেন ভিন্ন নীতিমালায়। রমনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে উচ্চবিত্তের কর হ্রাস করতে চান।’ রমনি বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে বলেন, ওবামার শাসনামলে জ্বালানি উত্পাদন কমেছে, কর্মসংস্থান হ্রাস পেয়েছে। জবাবে ওবামা দুবার বলেন, রমনির এই তথ্য-উপাত্ত ‘সত্য নয়’।রমনি বলেন, প্রেসিডেন্ট ওবামা দেশের দুর্দশা দূরীকরণে চেষ্টা করেছেন। কিন্তু ভ্রান্তনীতির কারণে সফলকাম হতে পারেননি তিনি। ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে বেশি সহযোগিতা দেওয়া ও সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করার ওপর জোর দেন রমনি। জবাবে ওবামা বলেন, ‘রমনি নিজেই ১৪ শতাংশ কর পরিশোধ করেছেন। তাঁর চেয়ে নিম্ন আয়ের মধ্যবিত্ত মার্কিনদের কর দেওয়ার শতকরা হার বেশি। রমনি করপ্রস্তাব ও রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাসের প্রতিশ্রুতি দিচ্ছেন, অথচ তা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পরিষ্কার করছেন না। রমনির প্রতিশ্রুতি আর বাস্তব পরিসংখ্যানে কোনো মিল নেই।’দেড় ঘণ্টাব্যাপী বিতর্ক মাঝেমধ্যে উত্তেজনাকর হয়ে ওঠে। আসন ছেড়ে উভয় প্রার্থী দাঁড়িয়ে কথা বলতে শুরু করলে সঞ্চালককে তখন রীতিমতো হিমশিম খেতে হয়।দর্শকদের সরাসরি প্রশ্নে মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার, রাষ্ট্রীয় নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অভিবাসননীতি-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রমনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট ওবামা অভিবাসননীতি বাস্তবায়ন করেননি। ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই অভিবাসন সংস্কার আইন প্রণয়নের কথা থাকলেও এ ব্যাপারে তিনি উদ্যোগ নেননি। জবাবে ওবামা বলেন, অভিবাসন নিয়ন্ত্রণের জন্য অ্যারিজোনা অঙ্গরাজ্যে চালু হওয়া আইনের সমর্থক রমনি। রমনির সমর্থিত অভিবাসন আইনে সন্দেহের ভিত্তিতে যেকোনো নাগরিককে তল্লাশি করার ক্ষমতা দেওয়া হবে রাজ্য পুলিশকে। ওবামা জানান, মেধাবী অভিবাসীদের আকর্ষণ করার জন্য নীতিমালা বাস্তবায়নে উদ্যোগী হবেন তিনি।লিবিয়ায় মার্কিন উপদূতাবাসে জঙ্গি হামলা ও মার্কিন রাষ্ট্রদূতের নিহত হওয়ার ঘটনা নিয়েও বিতর্ক উত্তপ্ত হয়ে ওঠে। রমনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর জনগণকে সঠিক তথ্য দিতে প্রেসিডেন্ট ওবামার ১৪ দিন সময় লেগেছে। জবাবে ওবামা বলেন, তিনি তাত্ক্ষণিকই বলেছেন মার্কিন রাষ্ট্রদূতের হত্যাকারীদের রেহাই দেওয়া হবে না। রাষ্ট্রপ্রধান হিসেবে জনগণের নিরাপত্তার সব দায়িত্ব তাঁর নিজের।দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে তৃতীয় ও শেষ দফা সরাসরি বিতর্ক হবে ২২ অক্টোবর। ফ্লোরিডায় অনুষ্ঠেয় শেষ দফার বিতর্ক আরও উত্তেজনাকর হবে বলে ধারণা করা হচ্ছে।