ইরাক যুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আজ শুক্রবার লন্ডনে এ-সংক্রান্ত চিলকট কমিশনের সামনে তিনি হাজির হবেন। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ইরাক যুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা অনুসন্ধানে এ কমিশন গঠন করে। ব্রিটিশ সরকারের সাবেক কর্মকর্তা জন চিলকট পাঁচ সদস্যের এ কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন। বিতর্কিত ইরাক যুদ্ধে অংশ নেওয়ার কারণ ও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ বিস্তারিতভাবে উপস্থাপন এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আজ ব্লেয়ারকে জিজ্ঞাসাবাদ করবেন চিলকট কমিশন।২০০৩ সালে ব্রিটেনের তত্কালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাক আগ্রাসনে মার্কিন বাহিনীর সঙ্গে যোগ দেন। তিনি ৪৫ হাজার ব্রিটিশ সেনাকে ইরাক যুদ্ধে পাঠান । ইরাক যুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৗক্তিকতা জানতে গত বছরের জানুয়ারিতে টনি ব্লেয়ারকে প্রথম দফা জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি চিলকট কমিশনকে বলেছেন, সাদ্দাম হোসেন বিশ্বের জন্য হুমকি ছিলেন। তাই তাঁকে ক্ষমতাচ্যুত বা নিরস্ত্র করা উচিত ছিল। ওই কমিশনকে ব্লেয়ার আরও বলেছেন, ইরাকে সামরিক অভিযানের ব্যাপারে তাঁর কোনো অনুতাপ নেই। ব্লেয়ারের এই বক্তব্য ইরাক যুদ্ধে প্রাণ হারানো ১৭৯ জন ব্রিটিশ সেনা পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে, ইরাক যুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়া ছিল ব্লেয়ারের ১০ বছরের শাসনামলের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত। ২০০৭ সালে ওই যুদ্ধের অবসান হয়। ইরাক যুদ্ধে অংশ নেওয়ার কারণ সম্পর্কে ব্লেয়ার সচেতনভাবেই জাতিকে বিভ্রান্ত করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই ব্লেয়ার এই অভিযোগ অস্বীকার করে আসছেন। —রয়টার্স, আল জাজিরা।