বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় হাইকোর্টের বিচারপতির গাড়ি আটক করার ঘটনায় দ্বিতীয় দফা শুনানি শেষে গ্রেপ্তার হওয়া টোল প্লাজার সুপারভাইজার আসাদুজ্জামানকে জামিন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারিক হাকিম কোহিনূর আঞ্জুমান তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা বিচারিক হাকিম ‘গ’ অঞ্চলের আদালতে আসাদুজ্জামানের জামিন আবেদন করেন আইনজীবী ইন্দ্রজিত সাহা। দুপুর ১২টার দিকে আদালতের বিচারক কোহিনূর আঞ্জুমান উভয় পক্ষের শুনানি শেষে ৯ জুন আসামির উপস্থিতিতে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে আসাদুজ্জামানের ‘অসুস্থতার’ কথা উল্লেখ করে তাঁর আইনজীবী একই আদালতে দ্বিতীয় দফায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক (সিএসআই) আবদুর রহমান জানান, প্রথম দফায় জামিনের বিষয়ে শুনানি শেষে বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে আসামি জেলখানায় আকস্মিক ‘অসুস্থ’ হয়ে পড়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। গত মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের গাড়ি আটকের ঘটনায় সেতুর পশ্চিম টোল প্লাজার সুপার ভাইজার আসাদুজ্জামানকে বিচারপতির নির্দেশে গ্রেপ্তার করা হয়। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম বিচারপতির নির্দেশে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিনই তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।