দ্বিতীয় দফায় রুনির মাকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় নিহত মেহেরুন রুনির মা নুরুন্নাহার মির্জাকে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।এই হত্যা মামলার বাদী ও রুনির ভাই নওশের আলম প্রথম আলোকে বলেন, তাঁর মা নুরুন্নাহার মির্জাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে ডেকে পাঠানো হয়। নওশেরও সঙ্গে গিয়েছিলেন।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, কিছু বিষয় জানার জন্য রুনির মায়ের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা কথা বলেছেন।র‌্যাবের অপর একটি সূত্র জানায়, মামলার প্রধান সাক্ষী রুনির মা। সাগর-রুনির খুনের ঘটনার পর তিনিই প্রথম ওই বাসায় ঢুকেছিলেন।জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানতে চাইলে নুরুন্নাহার মির্জা বলেন, সাগর-রুনির হত্যার পর ওই দিন সকালে তাঁদের শিশুসন্তান মেঘ বাসার দরজা খুলেছিল কি না, তা জানতে চেয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।পারিবারিক সূত্র জানায়, এর আগেও একবার র‌্যাবের কর্মকর্তারা নুরুন্নাহার মির্জাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এ ছাড়া রুনির মেজো ভাইকে দুবার, ছোট ভাইকে তিনবার ও নিহত সাগরের মাকেও একবার ডাকা হয়েছিল।গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। ওই দিন নুরুন্নাহার মির্জা প্রথম আলোকে বলেছিলেন, সকাল সাতটার দিকে মেঘ (৫) তাঁর মোবাইলে ফোন করে বলে, ‘মেমি (মা)-বাবা মারা গেছে।’ এরপর তিনি ইন্দিরা রোডের বাসা থেকে ছুটে আসেন। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে খুলে দেয় মেঘ। তিনি গিয়ে রুনি-সাগরের রক্তাক্ত দেহ দেখেন। এরপর অন্যদের ফোন করা শুরু করেন।