দ্বিতীয় দিন শেষে আরও উজ্জ্বল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের টেস্ট পোশাকটা যদি হয় ধবধবে সাদা, বাংলাদেশেরটা প্রায় ‘অফ হোয়াইট’। কাপড়ের গুণাগুণ রঙেই স্পষ্ট। ওই পোশাক পরেই কাল বারবার ড্রেসিংরুম থেকে মাঠের দিকে উঁকি দিচ্ছিলেন সাকিব আল হাসান। অভিব্যক্তি মোটেই অফ হোয়াইটের মতো ম্লান নয়, বরং অনেক বেশি উজ্জ্বল। নিখুঁত কাভার ড্রাইভে রুবেল হোসেন চার মারছেন। সেটা দেখে ড্রেসিংরুমের দরজার ফাঁক দিয়ে মাথা বের করে বিপুল করতালি দিচ্ছেন অধিনায়ক।বাংলাদেশের সকালটা কাল এমনই প্রাণবন্ত ছিল। প্রথম দিনের ৩৩০ রানের সঙ্গে আর গোটা পঞ্চাশেক রান হলেই যেখানে সবাই খুশি, সেখানে এল আরও ৮৯ রান! আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাঈম ইসলাম আর শফিউল ইসলাম ক্যারিয়ারের প্রথম ফিফটি করে নিলেন। রুবেলের ১৭ রানও টেস্টে ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ। এদিক দিয়ে প্রথম ইনিংসের রানটাই বরং পিছিয়ে—কালকের ৪১৯ এখন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ স্কোর।৩৩০ রানে আগের দিনই ৮ উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের অলআউট হওয়াটা সময়ের ব্যাপার মনে করা হচ্ছিল। কিন্তু নাঈম-শফিউলের ব্যাটেও যে বিস্ময় লুকিয়ে, কে জানত সেটা? বাংলাদেশের পক্ষে নবম উইকেটে মাশরাফি-শাহাদাতের সর্বোচ্চ ৭৭ রানের রেকর্ড ভাঙা না গেলেও ৭৪ রানের জুটি গড়ে তার কাছাকাছি গেছেন দুজন। গ্রায়েম সোয়ানকে শফিউলের মারা বাউন্ডারি থেকে জুটিটা হলো ঠিক ১০০ বলে ৫০ রানের। জেমস ট্রেডওয়েলকে আরেকটা চার মেরে ৪৯ বলেই শফিউলের ফিফটি পেয়ে যাওয়া, প্রথম ঘণ্টায় শুধু শফিউলের উইকেটটা হারিয়েই ৬৩ রান কিংবা প্রথম ইনিংসে ১১৭ ওভারের বেশি ব্যাটিং—কাল দিনের শুরুতে এসবের কোনোটাই কিন্তু অনুমেয় তালিকায় ছিল না। ‘ছক্কা নাঈম’ বলে পরিচিত নাঈম ইসলামের ২১০ মিনিটেও হারা না মেনে ফেরাটা কি কম বিস্ময়ের? ঘরোয়া ক্রিকেটে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্যই তাঁর খ্যাতি বেশি। সেই নাঈমও ইনিংসটাকে যত দূর সম্ভব টেনে নেওয়ার চ্যালেঞ্জে দারুণ সফল। ১৭২ বলে ৫৯ রান করে অপরাজিত, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ ছক্কা নাঈমের ইনিংসে ছক্কা নেই একটিও! সাকিবকে বারবার ড্রেসিংরুমের বাইরে টেনে আনা রুবেলের ব্যাটিংটাও ছিল নাঈমের জন্য সময়োপযোগী সমর্থন। তাতে যতদূর সম্ভব টেনে নেওয়ার কাজটা গিয়ে ঠেকল লাঞ্চের ২৭ মিনিট আগ পর্যন্ত।লাঞ্চের আগে মিনিট পনের ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ইংল্যান্ডের রান ৪, চার রানই অ্যালিস্টার কুকের। লাঞ্চ আর চা-বিরতির মাঝে ইংল্যান্ডের হারানো একমাত্র উইকেটটাও তাঁরই। তবে ব্যক্তিগত ১৩ রানে সাকিবের বলে ফরোয়ার্ড শর্ট লেগে জহুরুল ইসলামের হাতে জীবন পেয়ে দিনশেষে ৬৪ রানে অপরাজিত আরেক ওপেনার জোনাথন ট্রট। দলের ২৯ রানে কুকের বিদায়ের পর কেভিন পিটারসেনের সঙ্গে যোগ করেছেন ৭৬ রান, দিন শেষ হওয়ার আগে ইয়ান বেলের সঙ্গে অবিচ্ছিন্ন আছেন ৬৪ রানের জুটি গড়ে। বেল অবশ্য ব্যক্তিগত ১৭ রানে ফিরতি ক্যাচ দিয়েও বেঁচে গেছেন মাহমুদউল্লাহর বলে।৬৪ ওভারের বোলিংয়ে বাংলাদেশের স্পিনাররাই সফল বেশি। কুকের উইকেট নিয়ে প্রথম ব্রেক থ্রুটা দিয়েছিলেন আবদুর রাজ্জাক আর পিটারসেনের গুরুত্বপূর্ণ উইকেট সাকিবের। মিড উইকেট আর শর্ট কাভারে দুটো ক্যাচই নিয়েছেন ইমরুল কায়েস। উইকেটে স্পিন-বন্ধুতা ছিল না, সাকিব তার পরও শুরু থেকেই ইংলিশদের ঘায়েল করতে চেয়েছেন স্পিনে। প্রথম ওভারটা শফিউলকে দিয়ে করালেও এর পরই রাজ্জাককে নিয়ে এসেছেন। ব্যবহার করেছেন মাহমুদউল্লাহ আর নিজের স্পিনও। লাঞ্চের আগে করা ৫ ওভারেই বল করে ফেলেছেন ৪ বোলার। রাজ্জাক করেছেন ২ ওভার, সাকিব, মাহমুদউল্লাহ আর শফিউল ১টি করে। পঞ্চম বোলার এবং দ্বিতীয় পেসার হিসেবে রুবেল বল হাতে নিয়েছেন ইনিংসের ৩০তম ওভারে।২৪৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করার পর বোলিং নিয়ে গবেষণাটা হয়তো আজও চালিয়ে যাবেন সাকিব। ব্যাটিং-বান্ধব উইকেটে ব্যাটসম্যানদের ভুলের ফাঁদে ফেলতে সেটাও তো একটা অস্ত্র!