দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব, মতিঝিলে জামায়াতের মিছিলে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। গতকালের তুলনায় আজ রাজধানীতে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।সকাল ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন। তবে পুলিশ তাঁদের অবরুদ্ধ করে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজও দাবি করেছেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতালে অংশগ্রহণ করছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু সরকার তাতে বাধা দিচ্ছে।’বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়ক দিয়ে ভারী যান চলাচল করছে না। তবে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ওই এলাকায় সব দোকানপাট বন্ধ রয়েছে। নয়াপল্টনে কোনো পিকেটিংয়ের ঘটনা ঘটেনি।মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে কিছু দূরপাল্লার বাস ছেড়েছে। তবে যাত্রীর উপস্থিতি ছিল খুবই কম। টার্মিনালের নিরাপত্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।সকাল সাতটার দিকে বসুন্ধরা সিটির সামনে থেকে স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে। মিছিলটি পান্থপথ মোড় হয়ে কারওয়ান বাজার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে আবার বসুন্ধরা সিটির সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিলকারীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে তারা সেখানে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ সময় সেখানে পুলিশের কোনো উপস্থিতি ছিল না। পরে কারওয়ান বাজার মোড় থেকে পান্থপথ মোড় পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি ভাঙচুরকারীদের ধরতে অভিযান চালানো হবে।সকালে মতিঝিলের এজিবি কলোনি থেকে হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। এতে নেতৃত্বে দেন দলের সাংসদ হামিদুর রহমান। পুলিশ মিছিলটিতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। তবে জামায়াতের মিছিল থেকে কাউকে আটক করা হয়নি।