‘শুক্রবার, শনিবার তো এমনিতেই ছুটি। তাইলে ঈদের ছুটি কয়দিন পাইলাম? মাত্র এক দিন। এই দিয়া ঈদ হয়? তাই ঈদের আগের তিন দিনের ছুটি নিয়া টিকেট কিনতে দাঁড়াইছি, কিন্তু টিকেট কই?’কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে কথাগুলো বলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবদুল কুদ্দুস। তিনি আগামী ৬ সেপ্টেম্বরের রাজশাহীগামী ট্রেন সিল্ক সিটির টিকিট কিনতে সারিতে দাঁড়িয়ে ছিলেন। তখনো ওই সারিতে তাঁর সামনে ছিলেন কয়েকজন। তিনি জানান, ভোর পাঁচটায় স্টেশনে এসে দেখেন সারিতে অনেক মানুষ। সকাল সাড়ে নয়টায় তাঁর সামনে ছিল অন্তত ২০০ মানুষ। শেষ পর্যন্ত তিনিও টিকিট পেয়েছেন। স্টেশন ছেড়েছেন খুশি মনে। টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকাল সারি আরও দীর্ঘ হলেও তাঁর মতো অনেকেই টিকিট পেয়ে দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়ে থাকার কষ্ট ভুলে বাড়ি ফিরেছেন। গতকাল বিক্রি হয়েছে ৬ সেপ্টেম্বরের টিকিট।স্টেশন ব্যবস্থাপক আবদুল্লাহ আল মাসুম জানান, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনের (মঙ্গলবার) তুলনায় দ্বিতীয় দিনে ভিড় অনেক বেড়েছে। তাঁরা সুষ্ঠু ব্যবস্থাপনা রাখার চেষ্টা করছেন, যাতে সবাই টিকিট সংগ্রহ করতে পারেন। তিনি জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন গন্তব্যের ২৩টি আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। ঈদের আগে কিছু ট্রেনে আলাদা বগিও লাগানো হবে।শৃঙ্খলা রক্ষায় স্টেশন এলাকায় পুলিশ ছাড়াও র্যাব মোতায়েন আছে। দায়িত্বরত র্যাব দলের প্রধান মেজর এম এম শফিকুর রহমান জানান, কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।নারীদের জন্য আলাদা সারি দাবি: কাউন্টারগুলোর সামনে দীর্ঘ সারিতে পুরুষদের পাশাপাশি নারীরাও দাঁড়িয়ে ছিলেন টিকিট কিনতে। তাঁদের মধ্যে গৃহবধূ রুমাসহ অনেকে দাবি জানালেন নারীদের জন্য আলাদা সারি ও কাউন্টার করার। রুমা জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের টিকিটের জন্য তিনি সেহিরর পর শাহজাহানপুর থেকে এসে সারিতে দাঁড়িয়েছেন। মেয়েদের আলাদা সারি না থাকায় পুরুষদের সঙ্গেই দাঁড়াতে হয়েছে। সকাল সোয়া ১০টায়ও তিনি টিকিট পাননি। তিনি বলেন, দীর্ঘ সময় এভাবে দাঁড়িয়ে থাকতে তাঁর মতো অনেক নারীই চরম অস্বস্তি বোধ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানানোর পর তাঁরা বলেছেন, পুরুষেরাও কষ্ট করছেন।বিষয়টি তাত্ক্ষণিকভাবে স্টেশন ব্যবস্থাপককে জানালে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। সিদ্ধান্ত দিলে তিনি ব্যবস্থা করবেন।টিকিট না পাওয়ার অভিযোগ: দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়েও টিকিট, বিশেষ করে শোভন শ্রেণীর টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। তাঁদের একজন জনতা ব্যাংকে কর্মরত ইমরুল হাসান। তিনি জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের টিকিট না পাওয়ায় তিনি বাসে যাওয়ার চেষ্টা করবেন।বেসরকারি সংস্থায় কর্মরত আকমল হোসেন জানান, সুন্দরবন এক্সপ্রেসের টিকিটের জন্য ভোর থেকে সারিতে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাঁর সামনে চারজন লোক বাকি থাকতেই টিকিট শেষ হয়ে যায়। দাঁড়ানো (স্ট্যান্ডিং) টিকিট চেয়েও পাননি।বাইরে দালালদের প্রলোভন: প্লাটফর্ম ও স্টেশনে টিকিট কালোবাজারি বা দালালদের তত্পরতা গতকালও দেখা যায়নি। তবে স্টেশনের বাইরে অটোরিকশা স্ট্যান্ডের কাছে কিছু লোককে যাত্রীদের কাছে গন্তব্য ও কয়টি টিকিট লাগবে জিজ্ঞেস করতে দেখা গেছে।রাস্তার অপর পাড়ে আল ফারুক হোটেলের আশপাশে কিছু দালালকে মানুষ দেখলেই টিকিট বিক্রির প্রলোভন দিতে দেখা যায়। টিকিট কাটতে যাওয়া মনে করে এই প্রতিবেদককেও এক ব্যক্তি জানান, যে গন্তব্যেরই হোক, টিকিট দেওয়া যাবে। দরকার হলে অন্য দিনের টিকিটও তিনি দিতে পারবেন। অন্য দিনের টিকিট কীভাবে দেবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্যাকা দিলে সবই সম্ভব।’নাম প্রকাশে অনিচ্ছুক ওই হোটেলের এক কর্মচারী জানান, কোনো কোনো মানুষ এদের খপ্পরে পড়ছেন। র্যাব এলেই দালালেরা পালিয়ে যায়।পরবর্তী দিনগুলোর টিকিটের বিষয়ে খোঁজ-খবর করতে স্টেশনে আসা কেউ কেউ পড়েন দালালদের খপ্পরে। তাঁদের একজন বোরহানুল কবির। তাঁর সৈয়দপুরগামী নীল সাগর ট্রেনের ৮ সেপ্টেম্বরের চারটি টিকিট প্রয়োজন। তিন দালাল তাঁকে জানান, ওই দিনের টিকিট দেওয়া হবে শুক্রবার। সেদিন সকাল ছয়টায় তাঁকে আসতে হবে কমলাপুর স্টেশনে। তাঁর টিকিটের জন্য আগের রাত আটটা থেকে কাউন্টারে দাঁড়ানো থাকবে তাঁদের লোক। বিনিময়ে টিকিটপ্রতি তাঁদের দিতে হবে ৭৫ টাকা। এভাবে টিকিট নিলে তাঁকে কিছু টাকা অগ্রিম দিতে হবে। তবে বোরহানুল তাঁদের অগ্রিম টাকা দিতে সম্মত হননি।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্টেশন ব্যবস্থাপক বলেন, কালোবাজারি বা দালাল নয়, যাত্রীবেশে সারিতে দাঁড়ানো কেউ কেউ টিকিট সংগ্রহ করে বাইরে নিয়ে বিক্রি করতে পারেন। তবে এক ব্যক্তিকে একসঙ্গে চারটির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। কাউন্টার ছাড়া বাইরে থেকে টিকিট না কেনার জন্য মাইকিংও করা হয়েছে।বিশেষ ট্রেন: ঈদ উপলক্ষে চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে একটি করে এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুটি ট্রেন থাকবে। শনিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন চলবে।