দ্বিতীয় দিনে নোয়াখালীতে গাড়ি ভাঙচুর, আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের হরতাল চলছে। সকাল সাতটার দিকে শহরের নাপিতের পোল, মাইজদী বাজার, বড় মসজিদের মোড়, দত্তেরহাট ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় পিকেটাররা ছয়-সাতটি পিকআপ ভ্যান ও ট্রাক ভাঙচুর করেছে।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে পিকেটাররা ১৪-১৫টি ট্রাক-পিকআপ ভ্যান ভাঙচুর করে। পরে পুলিশ জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের সাতজন নেতা-কর্মীকে আটক করে। এদিকে পুলিশি হামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের আহত হওয়ার ঘটনা নিয়ে তাঁর নির্বাচনী এলাকা সেনবাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হামলার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।