দ্বিতীয় পদ্মা সেতুর উদ্যোগ নেওয়া হয়েছে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রাক-যোগ্যতা যাচাইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে দরপত্রগুলোর মূল্যায়নে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এক বছরে সেতু বিভাগের কার্যক্রমের ওপর আজ বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। রাজধানীর বনানীতে সেতু বিভাগে এ সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে। ক্ষতিপূরণ প্রদানের কাজও শেষ প্রান্তে। বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের বর্তমানে কী অবস্থা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু ঝুলে গেছে এ কথা বলার সময় এখনই আসেনি। এ ব্যাপারে পরিষ্কার হতে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।ওবায়দুল কাদের জানান, সেতু বিভাগের মাধ্যমে উড়ালসড়ক, জাহাঙ্গীর গেট থেকে রোকেয়া সরণি, কর্ণফুলী টানেল, উত্তর আশুলিয়া দ্বিতীয় উড়ালসড়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।