দ্বিতীয় পরীক্ষায় তিতাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকদের বিল দিতে হয় চুলা ব্যবহারের সংখ্যার ওপর। দুই চুলার জন্য ৪৫০ টাকা এবং এক চুলার জন্য ৪০০ টাকা বিল দিতে হয়। নগরের অনেকেই একটি দেশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য দিনভর গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন। কেউ বা আবার গ্যাসের চুলা ব্যবহার করছেন জামা-কাপড় শুকানোর কাজে। গ্যাসের এই অপচয় ঠেকাতে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড ২০০৫ সালের ১৩ জুলাই নগরের বনানীতে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করে। এ প্রকল্পে ৫৬ লাখ টাকা ব্যয়ে এক হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়। প্রিপেইড মিটার নিয়ে তিতাসের সেই প্রকল্প আর ব্যাপকতা পায়নি। এখনো চুলার সংখ্যার ওপরই বিল দিচ্ছেন তাদের আবাসিক গ্রাহকেরা।এদিকে ২০০৯ সালে নতুন করে আবার প্রিপেইড মিটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় হাত দেয় তিতাস গ্যাস। এবার তাদের সহায়তা করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। ২০০৯ সালের ১৯ নভেম্বর বুয়েটের আইআইসিটির সঙ্গে গ্যাসের প্রিপেইড মিটার সরবরাহ, প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য তিন কোটি ৯০ লাখ টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী, পাঁচ হাজার প্রিপেইড গ্যাস মিটার তৈরি করা হয়েছে। এগুলো বসানো হচ্ছে লালমাটিয়া ও মোহাম্মদপুরের আবাসিক গ্রাহকদের বাড়িতে। এরই মধ্যে তিন হাজার প্রিপেইড মিটার লাগানো হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে বাকি দুই হাজার মিটার বসানো হবে বলে তিতাস গ্যাস সূত্রে জানা গেছে।লালমাটিয়ার বি ব্লকের বাসিন্দা বজলুর রহমান বলেন, ‘গ্যাসের অপচয় ঠেকাতে মিটার লাগানোয় ভালোই হয়েছে। এখন থেকে অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখা বন্ধ হবে।’তবে কোনো কোনো গ্রাহক প্রিপেইড গ্যাস মিটার নিয়ে সন্তুষ্ট নন। কারণ, এখন হিসাব করে গ্যাসের চুলা জ্বালাতে হবে। তাই তিতাস ও বুয়েটের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাসাবাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার লাগাতে অনেক বাসায় সহায়তা পাচ্ছেন না।তিতাস সূত্রে জানা যায়, পাইলট প্রকল্পের অধীনে যেসব আবাসিক গ্রাহককে প্রিপেইড সংযোগ দেওয়া হয়েছে, তাঁদের সবাইকে মিটারে রক্ষিত অ্যাকাউন্ট রিচার্জ করার জন্য একটি করে প্রিপেইড গ্যাস মিটার কার্ড দেওয়া হয়েছে।অন্যদিকে, প্রিপেইড গ্রাহকদের সেবা দেওয়ার জন্য কারওয়ান বাজারের তিতাস ভবনে ‘সিস্টেম মাস্টার স্টেশন’ (এসএমএস) স্থাপন করা হয়েছে। কার্ড রিচার্জ করতে গ্রাহকদের যেতে হবে ভেন্ডিং স্টেশনে। এসব ভেন্ডিং স্টেশন রয়েছে আসাদ গেটের রূপালী ব্যাংক (মহিলা শাখা), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (মোহাম্মদপুর শাখা)। তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে সেবা দিতে তিতাসের লালমাটিয়া কার্যালয়ে (আড়ংয়ের পেছনে) রয়েছে ভেন্ডিং স্টেশন।খোঁজ নিয়ে জানা গেছে, লালমাটিয়া ও মোহাম্মদপুরের যেসব গ্রাহকের বাসায় গ্যাসের প্রিপেইড মিটার বসানো হয়েছে, তাঁদের এখনই কার্ড রিচার্জ করতে হচ্ছে না। প্রকল্পের লোকজন এসে কার্ড রিচার্জ করে দিয়ে যান বিনা মূল্যে। তবে গ্রাহকদের আগের মতো চুলার সংখ্যা হিসাবে মাস শেষে তিতাসকে বিল দিতে হচ্ছে। এ বিষয়ে প্রকল্পের একাধিক কর্মকর্তা জানান, শিগগির পরীক্ষামূলক প্রকল্প এলাকার গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার কার্ডের মাধ্যমে আগেই অর্থ পরিশোধ করে গ্যাস ব্যবহার করতে হবে।নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদপুরের এক গ্রাহকের অভিযোগ, কিছুদিন আগে তাঁদের মিটারে কারিগরি সমস্যার কারণে বাসায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে তাঁরা এসে মিটারের সমস্যার সমাধান করেন। প্রতি মাসে একাধিকবার বুয়েটের প্রকল্প বাস্তবায়নের কর্মীরা এসব প্রিপেইড মিটার তদারকি করে যাচ্ছেন।পুরো নগর প্রিপেইড মিটারের আওতায় আসবে কবে নাগাদ—জানতে চাইলে তিতাস গ্যাসের একাধিক কর্মকর্তা জানান, পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল যাচাই করে তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।