জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসায় শুরু হলো যন্ত্রনির্ভর উদ্ধার অভিযান। সাভারে ভবনধসের পাঁচ দিন পর গতকাল রোববার মধ্যরাত থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধার অভিযানের দ্বিতীয় পর্যায়ে শক্তিশালী ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ থেকে কংক্রিটের বড় অংশগুলো সরানো হচ্ছে। সেনাবাহিনী বলছে, ধ্বংসস্তূপের ভেতর কেউ জীবিত থাকলে তাঁকে অবশ্যই উদ্ধার করা হবে। সতর্কতার সঙ্গে চলবে এ অভিযান।রাত ১২টার দিকে ভারী যন্ত্রের সাহায্যে উদ্ধার অভিযান শুরু হয়। একটি হাইড্রোলিক ক্রেনে বাঁধা খাঁচায় করে কয়েকজন উদ্ধারকর্মী ধসে পড়া ভবনের পেছন দিক দিয়ে ধ্বংসস্তূপের ওপরে ওঠেন। আরেকটি ক্রেনের সাহায্যে দেড় ঘণ্টায় তিনটি পিলারের অংশবিশেষ নিচে নামিয়ে আনা হয়। গতকাল সকাল থেকে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ধসে পড়া ভবনের তৃতীয় তলায় শাহীনাসহ কয়েকজন জীবিত রয়েছেন বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত হন। এ জন্য ওই অভিযান স্থগিত করা হয়। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া শাহীনাকে জীবিত উদ্ধারের চেষ্টার সময় তৈরি করা সুড়ঙ্গে রাত ১০টায় আগুন লাগে। এ সময় উদ্ধারকারীরা নিরাপদে বের হয়ে এলেও শাহীনাকে উদ্ধার করতে পারেননি। সেখান থেকে রাত দেড়টার দিকেও ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসের লোকজন ওপর থেকে সেখানে পানি ছিটাচ্ছিলেন।এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সারা দিনে জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। দুপুর ১২টায় ধসে পড়া ভবনের তৃতীয় তলা থেকে কিউ এম এ সাদিক (২৭) নামের একজনকে জীবিত উদ্ধার করা হয়। তিনি সাভার ব্যাংক কলোনির বাসিন্দা। চাকরি করতেন নিউওয়েভ বটমস লিমিটেডে। উদ্ধারের সময় তিনি অক্ষতই ছিলেন।ভবনধসের ঘটনায় এই পর্যন্ত লাশ উদ্ধার হয়েছে ৩৭৩টি। উদ্ধারকর্মীরা বলছেন, ধসে পড়া ভবনের বিভিন্ন সিঁড়িসহ নানা স্থানে প্রচুর লাশ চাপা পড়ে আছে। ফলে নিহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনের আশপাশে লাশের তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়েছে।গত বুধবার সকালে ভবনধসের পর এখন পর্যন্ত দুই হাজার ৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে আবার চিকিৎসা নিয়ে বাড়িও ফিরে গেছেন।সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি সৈয়দ হাসান সারওয়ার্দী গতকাল সকালে সাংবাদিকদের বলেছিলেন, প্রথম পর্যায়ে প্রযুক্তির পাশাপাশি শারীরিক শক্তি ও দক্ষতা দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে এই পদ্ধতিতে উদ্ধার অভিযান পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে। তাই ভারী যন্ত্রের সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতরে প্রাণের স্পন্দন পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আগের পদ্ধতিতেই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সকালে এই বক্তব্যের পর সারা দিনই আর ভারী যন্ত্র ব্যবহার করা যায়নি।ভারী যন্ত্রের সাহায্যে উদ্ধার অভিযানের প্রস্তুতি ছিল শনিবার রাত থেকেই। শনিবার রাতে ওরিয়ন গ্রুপের ১৭৫ টনের একটি ক্রেন স্থাপন করা হয়। এর পাশে ফায়ার সার্ভিসের ১৮০ ফুট লম্বা (চূড়ায় মানুষ বসার জায়গা আছে) একটি মই বসানো হয়েছে, যাতে ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর সময় হতাহতদের চিহ্নিত করা যায়। এনার্জি প্যাকের ৫০ টন ও ৩৫ টনের দুটি ক্রেন স্থাপন ছাড়াও সেনাবাহিনীরও কয়েকটি মাঝারি ক্রেন প্রস্তুত রাখা হয়েছে।কড়াকড়ি আরোপ: গতকাল সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোটা দড়ি দিয়ে ধসে পড়া ভবনের আশপাশ ঘিরে রাখেন। প্রবেশ মুখগুলোতে গণমাধ্যমকর্মীদেরও প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের পুরো এলাকা ঘুরিয়ে দেখান। বিকেল তিনটার দিকে একটি স্থান বাদে যেসব গর্ত করে জীবিতদের উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হয়।বিকেল তিনটার দিকে স্বেচ্ছাসেবক ও অনেক গণমাধ্যমকর্মীকে ধসে পড়া ভবন এবং এর পাশের আর এস টাওয়ার থেকে সরিয়ে দেওয়া হয়। সন্ধ্যার দিকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মী বাদে অন্যদের সরে যেতে বলা হয় ধসে পড়া ভবন ও আর এস টাওয়ার থেকে। কয়েক দিন ধরেই আর এস টাওয়ার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছিল।রানার গ্রেপ্তারে খুশি সবাই: এদিকে রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের পর স্বজনহারা এবং স্থানীয় ক্ষুব্ধ লোকজনকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। উদ্ধারকর্মীদের অনেকেই এতে সন্তোষ প্রকাশ করেন। রানার ফাঁসির দাবিতে মিছিলও করেন স্থানীয় লোকজন। অনেকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদকেও গ্রেপ্তারের দাবি জানান।কয়েক দিন ধরে নিখোঁজ ছেলে আবদুর রশিদের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন বগুড়ার আবদুস সাত্তার। তিনি বলেন, ‘ছেলে বেঁচে আছে না মরে গেছে, জানি না। মনে অনেক কষ্ট। তবে রানা ও গার্মেন্টস মালিকের ফাঁসি না হলে এই কষ্ট আরও বেড়ে যাবে বহু গুণ।’নিখোঁজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের শিক্ষার্থীরা যে নিখোঁজ তালিকা করেছেন, তা এখন এক হাজার ৯৮। তবে তাঁরা জানিয়েছেন, এটা কম-বেশি হতে পারে। তবে সরকারিভাবে নিখোঁজের কোনো তালিকা পাওয়া যায়নি।নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ধসে পড়া ভবনের আশপাশে, হাসপাতালগুলো এবং সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে এখনো তাঁদের স্বজনদের ভিড় করতে দেখা গেছে। অনেকেই স্বজনদের খোঁজে বের করার জন্য উদ্ধারকর্মী, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তাদের মিনতি জানাতে দেখা গেছে। অনেকে স্বজনের ছবি বুকে টানিয়ে বিলাপ করেন।হাবিবুর রহমান নামে এক বৃদ্ধকে সকালে সমন্বয় সেলের সামনে বিলাপ করতে দেখা গেছে। হাবিবুর রহমানের মেয়ে শাহীনুর ধসে পড়া ভবনের চতুর্থ তলায় কাজ করতেন। চিৎকার করতে করতে একপর্যায়ে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাঁকে পানি খেতে দেন একজন সেনাসদস্য। তখন তিনি পানি না খেয়ে বলেন, ‘আমার মেয়েটা পানির অভাবে মরে যাইতাছে। ভিতরে কারবালা হইয়া গেছে। আমি বাইরে থাইক্কা পানি খাইতে পারুম না।’জিওসির ব্রিফিং: নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ হাসান সারওয়ার্দী সাংবাদিকদের আরও বলেন, বড় ধরনের উদ্ধার অভিযানে হাইড্রোলিক ক্রেনসহ ড্রেজার ও লোডার ব্যবহার করা হবে। এসব যন্ত্রের সাহায্যে ওপর থেকে ধ্বংসস্তূপ সরানো হবে। এরপর উদ্ধারকর্মীদের ভেতরে প্রবেশ করিয়ে জীবিত থাকলে ক্রেনের সাহায্যে তাঁদের উদ্ধার করা হবে। এতে উদ্ধার তৎপরতায় সময়ও কম লাগবে এবং কেউ বেঁচে থাকলে সহজে উদ্ধার করা যাবে। উদ্ধার তৎপরতা: উদ্ধারকর্মী আবদুর রাজ্জাক গত বৃহস্পতিবার থেকে ড্রিল করে করে দ্বিতীয় তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। সেখানে সিঁড়িতে সাত থেকে আটটি লাশ পড়ে থাকতে দেখেছেন। অনেক চেষ্টা করে তিনি একটি লাশও উদ্ধার করতে পারেননি। যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ অপসারণ করা ছাড়া লাশগুলো বের করা সম্ভব নয় বলে তিনি জানান।দুপুরে উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহত হয়ে বাইরে বেরিয়ে আসেন শামীম নামে একজন স্বেচ্ছাসেবী। তাঁকে অক্সিজেন দিয়ে সুস্থ করা হয়। তিনি বলেন, ধ্বংসস্তূপে প্রবেশ করা এখন কঠিন হয়ে গেছে। কারণ, ফাঁকা জায়গা কমে গেছে।