দ্বিতীয় বিয়ে করায় দুদকের কর্মচারীর বেতন কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীর বেতন তিন ধাপ নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদাবাজির দায়ে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এক কনস্টেবলকে। আজ সোমবার দুদকের এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। আজ আদেশপত্র জারি করা হয়েছে।আদেশে বলা হয়, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের গাড়িচালক মো. গুলজার হোসেন ভূঁইয়ার বেতন কমিয়ে তিন ধাপ নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত অবস্থায় কনস্টেবল মো. শহীদুল রহমান ভূঁইয়া জয়দেবপুর থানার একটি মামলায় নারায়ণগঞ্জের জি এম ফারুক ও তাঁর ব্যবসায়িক অংশীদার নুরুজ্জামানকে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় নয় হাজার টাকা আদায় করেন। এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করায় দুদকের পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্তে চাঁদা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় শহীদুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।