দ্বিতীয় বিয়েসংক্রান্ত আইন ও এর কার্যকরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিককালে পারিবারিক অশান্তির জের ধরে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে স্বামীর দ্বিতীয় বিয়ে এর মূল কারণ। এই দ্বিতীয় বিয়ে রোধে কি কোনো আইন নেই? কোন ক্ষেত্রে একজন ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে পারবে? এর জন্য কি কোনো শাস্তির ব্যবস্থা আছে? এসব নানা প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ।দ্বিতীয় বিয়েসংক্রান্ত আইনটি হয়েছিল ১৯৬১ সালে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-তে বলা হয়, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, তাকে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। সে ক্ষেত্রে তাকে প্রথমে সালিশি পরিষদের কাছে যেতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশনে এসব সালিশি পরিষদ আছে। তাদের অনুমতি লাগবে। তবে কিছু শর্ত রয়েছে। প্রথম স্ত্রী পাগল, কোনো কারণে সংসার করতে চায় না, শারীরিকভাবে অক্ষম কিংবা কখনোই সন্তান ধারণ করতে পারবে না এমন কারণ থাকতে হবে। এরপর সালিশ পরিষদ সত্যতা যাচাই করার জন্য প্রথম স্ত্রীকে ডেকে পাঠাবে। তার কোনো কিছু বলার আছে কি না তা শুনবে। এরপর স্ত্রী অনুমতি দিলে কেউ দ্বিতীয় বিয়ে করতে পারবে। অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে দুই-তিন ধরনের শাস্তি হতে পারে। ১. প্রথম স্ত্রীর পুরো দেনমোহর তাকে বুঝিয়ে দিতে হবে। ২. যদি প্রথম স্ত্রী কোনো ধরনের অভিযোগ করে, তাহলে ওই ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে স্ত্রীর ভরণপোষণের কথা স্পষ্টভাবে বলা আছে। তাতে বলা হয়েছে, স্ত্রীর পুরো ভরণপোষণের দায়িত্ব স্বামীর। আর মুসলিম আইনে বলা হয়েছে, সন্তান থাকলে তাদের যাবতীয় ভরণপোষণের দায়িত্ব বাবার। যত দিন মেয়ের বিয়ে আর ছেলের উপার্জনক্ষমতা না হয়, তত দিন তাদের সব দায়িত্ব বাবার। দুঃখজনক হলেও সত্যি, বেশির ভাগ ক্ষেত্রে এ আইনের কার্যকরতা দেখা যায় না। অনেকে এ আইন সম্পর্কে জানে না। তবে কেউ কেউ এ আইনের সুফল ভোগ করে। দ্বিতীয় বিয়ে করলে শাস্তির মাত্রা বাড়ানো উচিত। যাতে কেউ শর্ত পূরণ না করে, লুকিয়ে বিয়ে করতে না পারে।