দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে সিরডাপের পরিবর্তনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়োপযোগী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দীর্ঘ ২০ বছর পর আবার ঢাকায় শুরু হলো এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লি উন্নয়ন (সিরডাপ) বিষয়ক মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সভা। আজ রোববার ঢাকার শেরাটন হোটেলে সিরডাপ নির্বাহী কমিটির সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের বৈঠক শুরু হয়েছে। এবারে এ সভার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, পল্লি জনগোষ্ঠীর জীবনাচারের উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। এর আগে ১৯৮৭ সালে সিরডাপ মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পল্লি উন্নয়ন জাতীয় উন্নয়নের কেন্দ্র; তাই কৃষিভিত্তিক সমাজ উন্নয়নে এবং প্রতিষ্ঠানিক রূপান্তরের জন্য পল্লি উন্নয়নই হচ্ছে একটি মৌলিক প্রক্রিয়া। আজ দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের উদ্বোধনী বৈঠকে সংশ্লিষ্ট বক্তারা বলেন, প্রাসঙ্গিকতা বজায় রাখতেই এখন সিরডাপকে সময়োপযোগী করা প্রয়োজন। এ জন্য এখন সিরডাপের পরিবর্তন অবশ্যম্ভাবী। বক্তারা বলেন, এ পরিবর্তন করতে হবে নীতি, উপস্থাপনা, পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের বিভিন্ন ক্ষেত্রে। আর এটি নিশ্চিত করতে পারলেই জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব পর্যায়েই সিরডাপ নতুন অংশীদারির সূচনা করতে পারবে। এ জন্য আজকের বৈঠকে সিরডাপের সদস্য রাষ্ট্রের বিভিন্ন পল্লি উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার ওপরও গুরুত্ব দেন উচ্চপর্যায়ের সিরডাপ প্রতিনিধিরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবারের সভায় সিরডাপের ১৪টি সদস্য দেশ ছাড়াও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, চীন, ফিজি, পাপুয়া নিউগিনি ও ভুটানের পল্লি উন্নয়নবিষয়ক মন্ত্রী বা প্রতিনিধি এবং জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। গতকাল সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ সভার নির্বাহী কমিটির বৈঠক উদ্বোধন করেছেন। অনুষ্ঠান উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সিরডাপকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। স্থানীয় সরকারের মন্ত্রী বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই গ্রামীণ জীবনযাত্রার বিষয়টি এ সভায় প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করা হয়েছে। যা এ অঞ্চলের সব দেশের বাস্তবতার আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সিরডাপ সদস্য দেশগুলো এখন নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন। উচ্চ দারিদ্র্য হার, জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার ও প্রাকৃতিক দুর্যোগ এ অঞ্চলের জীবিকায়নের টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এ কারণেই পরিবর্তিত চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য এখন সিরডাপকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা প্রয়োজন। স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আশা প্রকাশ করে বলেন, খাদ্য নিরাপত্তা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, বাজার অর্থনীতি, সরকারি-ব্যক্তি খাত অংশীদারি, আর্থসামাজিক সুযোগের সমতা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়ে এ সভা থেকেই সফলভাবে কৌশল নির্ধারণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা ও সিরডাপের মহাপরিচালক দুর্গা পি. পদিয়ালসহ অন্যান্য দেশের সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ১৯৮৭ সালে ঢাকায় মন্ত্রী পর্যায়ের এই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। ২৭ জানুয়ারি এ সভার দ্বিতীয় পর্যায়টি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।