দ্বিতীয় ম্যাচের আগে আলোচনায় উইকেট
খুবই পরিচিত একটা ছবি। দুই অধিনায়ক হাসিমুখে ধরে আছেন ট্রফি। যতক্ষণ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলল, ততক্ষণই হাসি ছড়িয়ে থাকল ঠোঁটে। আগে থেকে শিখিয়ে-পড়িয়ে দিতে হয় না। অধিনায়কেরা জানেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ট্রফি ধরে হাসতে হয়। তা সেই হাসির আগে-পরে দুজনের মধ্যে ‘হাই-হ্যালো’টুকু পর্যন্ত না হলেও।জুম আলট্রা ওয়ানডে সিরিজের রুপালি ট্রফি হাতে কাল সোনারগাঁও হোটেলে এ রকম পাণ্ডুলিপি মানা হাসিই হেসে গেলেন সাকিব আল হাসান-মাইকেল ক্লার্ক। কাগজে-কলমে এই ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিকার বেশি এবং আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই হয়তো সেই অধিকার তারা প্রতিষ্ঠা করে ফেলবে। কিন্তু তার আগ পর্যন্ত ট্রফিতে হাত রেখে হাসার অধিকার তো সাকিবেরও আছে! ট্রফি নিয়ে ফটোসেশনের সময় বরং বাংলাদেশ দলের অধিনায়ককে পছন্দসই জায়গায় দাঁড়ানোর সুযোগ করে দিয়ে দেওয়া হলো ‘হোম কন্ডিশনের’ সুবিধা।তিন ওয়ানডের প্রথমটি শেষে সিরিজের সবচেয়ে আলোচিত বিষয়ও মনে হচ্ছে ওই হোম কন্ডিশন। অস্ট্রেলিয়ার ২৭০ রানের পর বাংলাদেশ কেন জেতার চেষ্টাটা করে দেখল না, এই প্রশ্নে ঘুরেফিরে আসছে উইকেট। এত দিনের চেনা উইকেট প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে কী ভীষণই অপরিচিত হয়ে গেল! শট খেলা কঠিন হয়ে পড়াতেই নাকি রানের চাকা গতি পেল না। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও অবধারিতভাবে সবার চোখ থাকবে ২২ গজে—কেমন হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আজকের উইকেট?আজ খেলা হবে ছয় নম্বর উইকেটে, যেখানে সর্বশেষ হয়েছে বিশ্বকাপের বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি। বাংলাদেশের ২০৫ রানের জবাবে আয়ারল্যান্ড অলআউট হয়ে গিয়েছিল ১৭৮ রানে। তবে মিরপুরের উইকেটের স্বরূপ খুঁজতে গিয়ে অতীতকে আয়না বানালে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। খেলা শেষে খেলোয়াড়েরা যতই উইকেটের সমালোচনা করুন, বাংলাদেশের উইকেটে কিউরেটরের ইচ্ছার চেয়ে বরাবরই বেশি প্রতিফলিত হয়ে আসছে কোচ আর থিঙ্ক ট্যাঙ্কের ইচ্ছা। কখনো কখনো বাংলাদেশের ক্রিকেটের ‘বিদেশ নীতি’রও। বিদেশি দলের বিপক্ষে কিউরেটরকে বাউন্সি-স্পোর্টিং উইকেট বানাতে বলা হয়েছে, এ রকম শোনা যায়নি। এই সিরিজেও যেমন পরিষ্কার বার্তা ছিল—উইকেট চকচকে থাকা যাবে না। বল যাতে একটু নিচু হয়ে আসে। এ ছাড়া আর উপায়ই বা কী? ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে খেলার অভ্যাস তৈরির ব্যাপারটি যে এখনো বোর্ড কর্মকর্তাদের মুখেই আটকে আছে! বাস্তবায়িত আর হয় না।বিসিবি শুধু স্বপ্ন দেখে বাংলাদেশ ক্রিকেটের বড় দল হবে। কিন্তু বড় দল হতে গোড়ায় পানি ঢালার কাজটি সব সময়ই হয়ে আসছে চূড়ান্ত অবহেলায়। কাজেই শুধু ‘হোম কন্ডিশন’ ‘হোম কন্ডিশন’ করে লাভ নেই। হোম কন্ডিশনেও বাংলাদেশ তো বাংলাদেশই থাকে। যে উইকেটে সাকিবের বল ঘুরবে, সেই উইকেটে ডোহার্টির বল ঘুরবে না? যেখানে তামিম শট খেলতে পারবেন, সেখানে রিকি পন্টিং চুপ করে বসে থাকবেন! উইকেটে প্রতিপক্ষের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে গিয়ে নিজেদের জন্যই পাতা হচ্ছে মরণফাঁদ। মন্থর উইকেটে অস্ট্রেলিয়ার জন্য ব্যাটিং করাটা কঠিন ভাবা হলে সেই উইকেটেই বাংলাদেশ ভালো ব্যাটিং করবে ভাবাটা বোকামি ছাড়া আর কী!অস্ট্রেলিয়াকে উইকেট দিয়ে মারার চিন্তা তাই বাতিল করে দেওয়াই ভালো। বরং সাকিব কাল যে কথাটা বললেন, সেটাই হতে পারে অস্ট্রেলিয়া-বধের একমাত্র সমীকরণ, ‘আমরা যদি নিজেদের খেলায় আরও উন্নতি আনতে পারি এবং অস্ট্রেলিয়া যদি ওদের সেরা খেলাটা খেলতে না পারে, একটা ম্যাচ অবশ্যই জেতা সম্ভব।’সেই একটা ম্যাচ আজ, নাকি পরশু, নাকি আসবেই না এই সিরিজে—বলা মুশকিল। তবে অন্তত দ্বিতীয় ওয়ানডেতে প্রত্যাশিত সেই ম্যাচটা পেতে ছক বদলাচ্ছে না বাংলাদেশ দল। উইকেট যেমন অনেকটা আগের ম্যাচের মতোই হওয়ার সম্ভাবনা, দলও। প্রায় সাড়ে চার মাস পর খেলায় ফেরা মাশরাফি বিন মুর্তজার প্রথম ম্যাচের পারফরম্যান্সে খুশি কোচ জেমি সিডন্স। মাশরাফি যদি নিজেকে ফিট মনে করেন, আজকের ম্যাচটা তিনি খেলবেন বলে জানিয়েছেন কোচ। স্ত্রী-সন্তানের অসুস্থতার কারণে হোটেল-বাসায় দৌড়াদৌড়ির মধ্যে থাকা মাশরাফিও বলছেন, দলে নিলে তাঁর খেলতে সমস্যা নেই। পরিবর্তনের সম্ভাবনা নেই আর কোনো জায়গাতেই। তবে ব্যাটিং-অর্ডারে একটু এদিক-সেদিক করিয়ে রকিবুল হাসানের জায়গায় অলক কাপালিকে খেলানোর বিষয়টা একটু হলেও আলোচনায় ছিল। সেই আলোচনা ফলপ্রসূ হলো কি না, সেটা বোঝা যাবে আজ ম্যাচের আগে একাদশ চূড়ান্ত হলে।ম্যাচের পর বোঝা যাবে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যাশিত জয়টা বাংলাদেশ কি আজ পেয়েই গেল, নাকি এক ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়া জিতে গেল সিরিজ!