দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে একমত বাংলাদেশ ও পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ ও রপ্তানি প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তান সম্মত হয়েছে। উভয় দেশের এক বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা বাড়িয়ে দিতেও দুই দেশ একমত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসলামাবাদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের কর্মকর্তারা বৈঠকে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিয়োগ করতে একমত হয়েছেন। তা ছাড়া কৃষি, মত্স্য, পশু, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং নিরাপত্তা-সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে তাঁরা পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হন। উভয় দেশের ভিসাপ্রাপ্তি সহজীকরণ এবং জল ও আকাশপথে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করতেও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৈঠকে অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালের আগে পাকিস্তানি সংস্থা কর্তৃক পরিচালিত ভূ-জরিপ এবং প্রত্নতাত্ত্বিক বিভিন্ন তথ্য-উপাত্ত বাংলাদেশকে সরবরাহ করতে সম্মত হয়েছে পাকিস্তান সরকার। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিরাজুল কায়েস এবং পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। —ইউএনবি