দ্বিমুখী নীতি পরিহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ‘দ্বিমুখী নীতি’ পরিহার করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একদিকে খালেদা জিয়া ভারতে গিয়ে প্রতিশ্রুতি দেন স্বাধীনতাবিরোধী জামায়াতকে পাশে রাখবেন না, অপরদিকে জামায়াতকে সঙ্গে নিয়ে তাঁর দল বিএনপি রাজপথে মিছিল-সমাবেশ করে। আদালতে জামায়াতের পাশে দাঁড়ায়।আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের সামনে মহানগর ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগ আয়োজিত আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। এই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। খবর বাসসের।মাহবুব উল আলম হানিফ বলেন, রাজপথে নৈরাজ্য ঘটানোর জামায়াতের চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের একটাই কারণ, খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদ। তাঁর সাহসেই জামায়াত এভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। খালেদা জিয়াকে এ ষড়যন্ত্রমূলক কার্যকলাপ ও অপরাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।আওয়ামী লীগ সরকার জামায়াতকে কাছে টানার চেষ্টা করছে, খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ভারতে গিয়ে খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, জামায়াতকে কাছে রাখবেন না। এর প্রমাণ দিতেই তিনি রামুতে এমন কথা বলেছেন।হানিফ বলেন, একাত্তরে পাকিস্তানের তাঁবেদার ও এজেন্ট হিসেবে জামায়াত-শিবির চক্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এখনো তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তাদের প্রভুদের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে গণতন্ত্র ও প্রগতির পথে এগিয়ে নিতে হলে একাত্তরের মতো আবারও তাদের পরাজিত করে অপরাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে সাংসদ আসাদুজ্জামান খান কামাল, যুবলীগের সহসভাপতি মজিবুর রহমান চৌধুরী ও আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য দেন।