দ্বীপ কিনলেন শাকিরা
নেচে-গেয়ে ভক্ত, দর্শকদের মাতানোর পাশাপাশি সামাজিক কিছু কাজকর্মের সঙ্গেও জড়িত তিনি। নিজের দাতব্য সংস্থা থেকে দরিদ্র শিশুদের পড়াশোনার ব্যবস্থা করছেন। সামাজিক এসব কর্মকাণ্ডের জন্য মাত্র ৩৪ বছর বয়সেই পেয়েছেন স্বীকৃতি। হয়েছেন লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডের বর্ষসেরা ব্যক্তিত্ব। তিনি শাকিরা। কলম্বীয় এই গায়িকা সম্প্রতি একটি দ্বীপ কিনেছেন। ক্যারিবীয় অঞ্চলের পর্যটন শিল্পকে চাঙা করার পাশাপাশি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি তো আছেই। এক কোটি ৬০ লাখ ডলার মূল্যে ক্যারিবীয় দ্বীপটি শাকিরা একা কেনেননি অবশ্য। সঙ্গে আছেন সংগীতজ্ঞ রজার ওয়াটারস। দ্বীপটিতে বেশ কিছু বিলাসবহুল বাড়ি বানানো হবে। থাকবে বাড়িলাগোয়া কয়েকটি সৈকত, কিছু রেস্তোরাঁ, গলফ মাঠ ও দুই শর মতো স্পিডবোট। ‘এটা যত না ব্যবসা, তার চেয়ে ঢের বেশি শিল্প ও সংস্কৃতির বিকাশ।’ ফিমেলফার্স্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে বললেন এক বিনিয়োগকারী। আইএএনএস।