দ্বীপ নিয়ে জাপান-মার্কিন বৈঠকে চীনের মাথাব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ দখলে নেওয়ার জন্য চীন ও জাপান যুদ্ধে জড়িয়ে পড়লে জাপান কী করবে, তা নিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শুরু করেছে। এতে ভীষণ চাপের মুখে পড়ে গেছে চীন। জাপানের একটি পত্রিকা বলছে, চীন এখন ‘বাহ্যিক চাপ’ অনুভব করছে। রয়টার্সের খবরে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, গত কয়েক মাসে দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও চীনের উত্তেজনা বেড়ে চলেছে। উভয় দেশই বিরোধপূর্ণ অঞ্চলে যুদ্ধবিমান ও টহল জাহাজ নিয়ে মহড়া দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে দেশ দুটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এবং শুরু হতে পারে সীমান্ত লড়াই। এশিয়ার এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বারবার বলে এসেছে, তারা সার্বভৌমত্ব নিয়ে এশিয়ার দেশ দুটির বিরোধে কারও পক্ষেই নেই। তবে চীন ও জাপানের সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।জাপানের কিয়োদো সংবাদ সংস্থা জানিয়েছে, হাওয়াই দ্বীপে আজ বৃহস্পতিবার থেকে দুদিনের বৈঠকে বসছেন জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এতে জাপানের যৌথ বাহিনীর প্রধান জেনারেল শিগেরু ইওয়াসাকি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা বাহিনীর প্রধান স্যামুয়েল লকলিয়ার দুদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আশা করা হচ্ছে, চীনের হামলা মোকাবিলায় করণীয় ঠিক করতে এ বৈঠকে দেশ দুটি সমঝোতায় পৌঁছাবে। কিয়োদো বলছে, সমঝোতা চুক্তিতে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। এগুলোর মধ্যে থাকছে চীনের বিরুদ্ধে যুদ্ধে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর প্রস্তুতি। গতকাল বুধবার ‘নিকেই’ বাণিজ্য পত্রিকায়ও একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হং লেই বলেন, ‘এসব প্রতিবেদনের পর চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি ও সক্ষমতা সরকারের আছে।... দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সরকার ও জনগণের দৃঢ় সংকল্প ও প্রতিশ্রুতি এতটুকুও টলবে না।’চীনা ভাষায় দিয়ায়ু বা জাপানি ভাষায় সেনকাকু হলো পাথুরে ও জনমানবহীন দ্বীপপুঞ্জ। এটি নিয়ে দুদেশের মধ্যে বিরোধ চলছে। উভয় দেশই বলছে দ্বীপপুঞ্জটির মালিক তারা। কেউই তা ভাগাভাগি করতে চায় না। দ্বীপপুঞ্জটির গুরুত্ব হলো, এটির চারপাশে প্রচুর মাছ পাওয়া যায় এবং ওই এলাকায় আছে তেল ও গ্যাসের বিরাট মজুদ।মাস খানেক আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জটি জাপান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত সামরিক চুক্তির আওতাধীন।জাপানের মন্ত্রিপরিষদের সচিব ইয়োশিহিদে সুগাকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে টোকিও ও ওয়াশিংটন পারস্পরিক সহযোগিতার মধ্যেই আছে। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হতে যাচ্ছে, সে ব্যাপারে তিনি মুখ খুলতে রাজি হননি।