দ্বৈত গানে ইবরার টিপু-ঝিলিক
প্রথমবারের মতো সংগীতপরিচালক ও গায়ক ইবরার টিপুর সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী ঝিলিক।ইবরার টিপুর মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘মনে প্রতিক্ষণে তুমি যে শুধু রও’ শীর্ষক এ গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর-সংগীতায়োজন ইবরার টিপুর।জানা গেছে, ঝিলিকের নতুন একক অ্যালবামের জন্য গানটি করা হয়েছে। এই গানটির মূলত দুটি সংস্করণ থাকবে অ্যালবামে। একটি এককভাবে ঝিলিকের কণ্ঠে এবং অন্যটি ইবরার টিপুর সঙ্গে দ্বৈত।ইবরার টিপুর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ঝিলিক জানিয়েছেন, ‘টিপু ভাই আমার অনেক প্রিয় একজন কম্পোজার ও গায়ক। তাঁর গানগুলো বেশ ভিন্নধর্মী। বিশেষ করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে করা তাঁর সংগীতায়োজন আমার অনেক ভালো লাগে। টিপু ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গান করলাম। এটি আমার একক অ্যালবামে একক ও দ্বৈত এই দুই সংস্করণেই থাকবে। আশা করছি, গানটি সবারই ভালো লাগবে।’ঝিলিক সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘ঝিলিক বেশ প্রতিভাবান। এবারই প্রথম আমরা দ্বৈত গানে কণ্ঠ দিলাম। অনেক ভালো গেয়েছে ঝিলিক। আশা করছি, শ্রোতারাও পছন্দ করবেন।’ইবরার টিপু বর্তমানে বেশ কিছু অ্যালবাম ও চলচ্চিত্রের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ঝিলিক মঞ্চের পাশাপাশি ব্যস্ত নিজের একক অ্যালবাম নিয়ে।ঝিলিকের নতুন অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী, সন্ধি, সাজিদ সরকার ও ইবরার টিপু।