দ্বৈত ভোটার এবং মিথ্যা তথ্যপ্রদানকারীদের শনাক্ত করতে বা ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ আহ্বান জানান।আগামী শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিইসি স্মরণ করিয়ে দিয়ে বলেন, মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার হলে কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তিনি জানান, আগামী শনিবার বেলা ১১টায় সাভারে প্রতীকীভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।এবারের হালনাগাদে ভোটারদের নতুন করে চারটি তথ্য দিতে হবে বলে সিইসি জানান। এগুলো হলো ভোটারের পিতা ও মাতা, স্বামী-স্ত্রী এবং জন্মনিবন্ধনের পরিচিতি নম্বর। তবে এরই মধ্যে যাঁরা ভোটার হয়েছেন, তাঁদের জন্য বিষয়টি প্রযোজ্য হবে না।সিইসি জানান, ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব হবে, তাঁদের ভোটার করা হবে। প্রথম তিন ধাপে ১৪০টি করে উপজেলায় এবং শেষ ধাপে ৯২টি উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ছিটমহলবাসীদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কাজী রকিব।ইসি সচিবালয় সূত্র জানায়, এবারের হালনাগাদ কাজে ৫৭ হাজার ৬০৭ জন তথ্য সংগ্রহকারী, ১১ হাজার ৫২১ জন সুপারভাইজার, ১৬২টি নিবন্ধন দল ও ২৩০ জন কারিগরি বিশেষজ্ঞ কাজ করবেন। ছবি তোলাসহ নিবন্ধনের জন্য কেন্দ্র থাকবে পাঁচ হাজার ১১৫টি। হালনাগাদে আনুমানিক ৭০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে।সিইসি জানান, এরই মধ্যে যাঁরা তালিকাভুক্ত হয়েছেন, তাঁদের অনেকেই জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি। বিতরণ না হওয়া এসব পরিচয়পত্র হালনাগাদের সময় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।