দ্বৈত ভোটার শনাক্ত করতে ক্রস ম্যাচিং শুরু হচ্ছে
ভোটার তালিকা হালনাগাদে দ্বৈত ভোটার হিসেবে যাঁরা নিজেদের নাম অন্তর্ভুক্ত করবেন, তাঁদের শনাক্ত করতে আগামী জানুয়ারিতে সারা দেশে ক্রস ম্যাচিং শুরু করবে নির্বাচন কমিশন। এর মধ্যে পরীক্ষামূলকভাবে ক্রস ম্যাচিং করে চাঁদপুরে ১০ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের ১৫ ধারা অনুযায়ী কেউ একাধিক পরিচয়পত্র গ্রহণ করলে, অর্থাত্ একাধিক জায়গায় ভোটার হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে জানান, আপাতত কমিশন সফটওয়্যারের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলকভাবে ক্রস ম্যাচিং চালিয়ে যাচ্ছে। ডিসেম্বরে হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ক্রস ম্যাচিং শুরু হবে। শুধু হালনাগাদে অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের নিয়ে ক্রস ম্যাচিং হবে। তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে যাচাই করে যেসব দ্বৈত ভোটার পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। এর আগে ২০১০ সালে কমিশন ঢাকাসহ আরও কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে ক্রস ম্যাচিং করে দ্বৈত ভোটার শনাক্ত করেছিল। এর মধ্যে ঢাকা মহানগরে শনাক্ত হয়েছিল ১৮৮ জন। ওই সব দ্বৈত ভোটারের বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা মামলা করেছিলেন। কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ক্রস ম্যাচিং করে ১০ জন দ্বৈত ভোটারকে শনাক্ত করেছে। ১০ জনই এর আগে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ অন্যান্য জায়গায় একই নামে অথবা ভিন্ন নামে ভোটার হয়েছিলেন। নাম পরিবর্তনের পাশাপাশি এঁরা সবাই জন্ম তারিখ পরিবর্তন করে বয়স কমিয়েছেন। অভিযুক্ত এই ১০ জন হলেন—উপজেলার মমরুজকান্দির বিল্লাল হোসেন (হালনাগাদে বিল্লাল খান), পাঠানচকের খুকু মনি (হালনাগাদে খুকী বেগম); সানকীভাঙ্গার মো. সোলায়মান (হালনাগাদে মো. সোলায়মান), একই এলাকার মুনছুর মিজি (হালনাগাদে মনছুর), সরদারকান্দির মো. রুবেল হোসেন (হালনাগাদে মো. রুবেল), সুগন্ধি এলাকার পেয়ারা বেগম (হালনাগাদে পেয়ারা বেগম), ঠেটালিয়ার ফাতেমা আক্তার (হালনাগাদে ফাতেমা বেগম), পশ্চিম হানিরপাড়ের কাজল রেখা (হালনাগাদে মরিয়ম আক্তার), পাহাড়ের চকের শাহজাহান (হালনাগাদে ওয়াজকুরুনী) এবং দক্ষিণ কালাকান্দার আছমা বেগম (হালনাগাদে মিসেস আছমা বেগম)।