দ্রব্যমূল্য, জ্বালানির সংকট নিয়ে কথা বলতে সংসদে যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘জাতীয় সংসদে গিয়ে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুত্-জ্বালানির সংকট, শেয়ারবাজার কেলেঙ্কারি, তিস্তা চুক্তির ব্যর্থতা নিয়ে আলোচনা করব। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় এখন থেকে আন্দোলন চলবে রাজপথে ও সংসদে।’আজ শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরসহ কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। যে সরকার বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় না, তাদের অধীনে জনগণ সুষ্ঠুও অবাধ নির্বাচন আশা করে না।পথসভায় বিএনপির নেতা আরও বলেন, আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজ বাসার সামনে একজন বিদেশি কূটনীতিক খুন হয়েছেন। অথচ এখন পর্যন্ত সেই খুনের কারণ উদঘাটন করতে পারেনি সরকার। যে সরকারের প্রধানমন্ত্রীকে সাংবাদিক দম্পতি খুনের বিষয়ে তদারকি করতে হয়, সে সরকারকে পদত্যাগ করানো ছাড়া বিকল্প নেই।মওদুদ আহমদ এর আগে কবিরহাট উপজেলা সদরের বাজারে গত মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া দোকানঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।পথসভায় অন্যদের মধ্যে কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জ্যেষ্ঠ সহসভাপতি নাজমুল হুদা ফরহাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র ফখরুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুল হুদা, দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।