প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য পরিস্থিতি এবং সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সঠিকভাবে পরিচালনা করতে জেলা প্রশাসকদের তদারকি কার্যক্রম বাড়াতে নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র শাপলায় অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন-২০১১ উদ্বোধন করে তিন এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ সকাল থেকে শুরু হয়েছে।সমন্বয়ের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের সঠিক সময়ে সরকারকে সঠিক তথ্য দিতে হবে। এতে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। শেখ হাসিনা বলেন, সরকারের অনেক কর্মসূচি নিয়ে সমালোচনা হতে পারে। সেসব সমালোচনা গ্রহণ করে বাস্তবমুখী গ্রহণযোগ্য পরিকল্পনা নিতে হবে। নির্ধারিত বক্তাদের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, রাজবাড়ীর জেলা প্রশাসক শাহানা বারী বক্তব্য দেন।মামলা আমলে নেওয়ার ক্ষমতা দেওয়ার আবেদন জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, জেলা প্রশাসকদের সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনার ক্ষমতা চেয়েছেন। শাহানা বারী বলেন, জেলায় প্রতিষ্ঠিত বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানের কর্মকর্তারা কখন কে ছুটিতে চলে যায় তা ডিসিরা জানেন না। প্রয়োজনের মুহূর্তে তাঁদের ডেকে পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি।