দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারের প্রস্তাব ডিসিদের
আসন্ন রমজান মাস ও ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য ও রাস্তাঘাট নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত রাস্তা সংস্কারের প্রস্তাব করেছেন তাঁরা।এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের যৌক্তিক মুনাফার চেয়ে বেশি মুনাফা আদায়কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও বাজার তদারকির ব্যবস্থা বাড়ানোর জন্য ডিসিদের নির্দেশ দেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দ্রুত রাস্তাঘাট সংস্কার করার কথা জানিয়ে ভ্রাম্যমাণ দল নিয়ে রাস্তাঘাট তদারক করতে ডিসিদের নির্দেশ দেন।তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় এসব বিষয় তুলে ধরে সমাধানের প্রস্তাব করা হয়। এ সময় ডিসিরা অভিযোগ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অনেক সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাজকর্মে সমস্যার সৃষ্টি করেন। ভূমি ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানেরও প্রস্তাব দেন ডিসিরা। মাঠপর্যায়ে জনবলসংকট সমাধান করতেও বলেছেন তাঁরা।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল অনুষ্ঠিত হয় ভূমি, পরিবেশ ও বন, যোগাযোগ, রেলপথ, শিল্প ও বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, পররাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার, মহিলা ও শিশু, জনপ্রশাসন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত বৈঠক।আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করার ক্ষেত্রে ডিসিদের সহায়তা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা দেশে কিছু পণ্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে। এর একটা কারণ হতে পারে আতঙ্ক থেকে অনেকে এখনই বেশি করে পণ্য কিনছেন।একজন ডিসি প্রথম আলোকে বলেন, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ভেঙে যাওয়া রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রস্তাব করলে যোগাযোগমন্ত্রী ওয়ায়দুল কাদের দ্রুত রাস্তাঘাট সংস্কার করা হবে বলে জানান। এর আগে লিখিত প্রস্তাবে ডিসিদের পক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণসহ ৩৫টি প্রস্তাব করা হয়। ডিসিরা নছিমন, করিমনকে (যানবাহনের স্থানীয় নাম) আইনি কাঠামোর মধ্যে আনতে বলেছেন জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, এগুলো রাস্তায় দুর্ঘটনার অন্যতম কারণ। কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, মাঠপর্যায়ে সমস্যা হলেই সঙ্গে সঙ্গে জানানোর জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ইউএনওদের কাজে চেয়ারম্যানদের সমস্যা সৃষ্টির অভিযোগ তোলা হলে স্থানীয় সরকার বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ‘আমরা যদি মন্ত্রীদের সঙ্গে কাজ করতে পারি, তাহলে ইউএনওরা কেন উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে কাজ করতে পারবেন না?’সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জনপ্রতিনিধিদের সঙ্গে ডিসিদের স্নায়বিক সমস্যার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ডিসি ও জনপ্রতিনিদের মধ্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর স্নায়বিক সমস্যা কাজের মধ্য দিয়েই দূর হয়ে যায়। ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সবচেয়ে বেশি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রস্তাব দেন। তারা ৭৮টি প্রস্তাব দেন। সভা শেষে ভূমিমন্ত্রী রেজাউল করিম ও সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে থাকা ভূমিসংক্রান্ত রেকর্ডপত্র কম্পিউটারাইজেশনের কাজ এ মাসে শুরু করা হবে। নিবন্ধন ছাড়া কেউ বিদেশে যেতে পারবেন না: আলোচনা শেষে শ্রম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, নাম নিবন্ধন ছাড়া এখন থেকে কেউ আর বিদেশে যেতে পারবেন না। এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে ট্রাস্টের আওতায় আনা হবে। টাঙ্গাইলে একটি সরকারি মেডিকেল কলেজ করা হবে।রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রশাসনের সঙ্গে কারও দ্বন্দ্ব নেই।ডিসিদের গণমুখী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির: দুপুরে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বাসস জানায়, রাষ্ট্রপতি সরকারের গৃহীত সামগ্রিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের গণমুখী ও মানবহিতৈষী হওয়ার পরামর্শ দেন।তিন দিনের সম্মেলন আজ শেষ হবে।