দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে: খাদ্যমন্ত্রী
খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। দেশের অধিক জনসংখ্যা, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়ার জন্য দেশের ভেতরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি রিপোর্ট-২০১০ এর প্রকাশনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ইউএনএফপিএর হিসাব অনুসারে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৪৪ লাখ। এই বিপুল সংখ্যক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তিনি বলেন, সরকার দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জনসংখ্যা সমস্যাকে উন্নয়ন এজেন্ডার শীর্ষে রেখেছে। মন্ত্রী আরও বলেন, গত বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এটা ছিল রেকর্ড পরিমাণ উত্পাদন। তার পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। তবে তিনি এও বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের হার কমেছে। বর্তমানে দেশের ৩৮ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। এই বছরের স্টেট অফ দ্য ওয়ার্ল্ভ্র পপুলেশনের প্রতিপাদ্য ছিল ‘সংঘাত ও সংকট থেকে পুনরুদ্ধার: পরিবর্তনের এক প্রজন্ম’। এই রিপোর্টে যুদ্ধ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মানুষ বিশেষ করে নারী ও শিশুরা কীভাবে মোকাবিলা করে, তা নিয়েই আলোচনা হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনএফপিএর আবাসিক প্রতিনিধি আর্থার আর্কেন, বুয়েটের শিক্ষক মেহেদী আহমেদ আনসারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা নাসরিন।