দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কাজে লাগানো হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কাজে লাগানো হচ্ছে না। সংস্থাটিকে শক্তিশালী করার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় তাগাদা দিলেই কেবল নড়েচড়ে ওঠে বাণিজ্য মন্ত্রণালয়। তারপর আবার আগের অবস্থা। ফাইল চলে না, কাজও এগোয় না। আর, ঢিমেতালে এভাবেই কেটে গেল সরকারের আড়াই বছর। এই সময়ে টিসিবি নিয়ে অনেক পরিকল্পনাই করা হয়েছে। আওতাধীন প্রতিষ্ঠান হিসেবে একে শক্তিশালী করার দায়িত্ব দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। পরে অবশ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ও এতে জড়িত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত একাধিক বৈঠকে টিসিবিকে শক্তিশালী করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো লাভ হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিসিবি, টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়—এ রকম চিঠি চালাচালিতেই পার হচ্ছে দিন, মাস, বছর। সংস্থাটির সক্ষমতা বাড়েনি বিন্দুমাত্রও।টিসিবি কেন শক্তিশালী হচ্ছে না—জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বাণিজ্যমন্ত্রী ফারুক খানেরই একটি মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। দায়িত্ব গ্রহণের ১২ দিনের মাথায় ২০০৯ সালের ১৮ জানুয়ারি ঢাকা চেম্বারের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘ব্যবসায়ীদের প্রতি সরকারের পূর্ণ আস্থা রয়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে কাজে লাগাতে চায় না, আর ব্যবসাও নিয়ন্ত্রণ করতে চায় না। এ দেশের ব্যবসায়ীরা দক্ষ, সৎ, মেধাবী ও পরিশ্রমী।’কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর ধমকে ওই অবস্থান থেকে সরে এলেও গোটা মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর ওই উক্তিরই প্রেতাত্মা ঘুরে বেড়ায়।অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারভুক্ত পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বরটিই হলো দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ। ইশতেহারে বলা হয়েছে, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে এবং সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করা হবে।’ বাস্তবতা হচ্ছে, সরকারের আড়াই বছরে দ্রব্যমূল্য পরিস্থিতি স্থিতিশীল থাকেনি। দফায় দফায় বেড়েছে পণ্যমূল্য। বাজারে কোনো হস্তক্ষেপই করতে পারেনি সরকার। এমনকি গণখাতে ক্রয় বিধিমালার (পিপিআর) শর্ত পরিপালন থেকে পরপর তিন বছর অব্যাহতি নিয়েও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। প্রয়োজনীয় পণ্য আমদানি করা দূরের কথা, টিসিবি স্থানীয় বাজার থেকেও প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা, কেউ শোনে না: টিসিবিকে কাজে না লাগানোর ব্যাপারে দেশজুড়ে সমালোচনা হলে ১৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে টিসিবিকে আরও শক্তিশালী ও কার্যকর করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বাজারে যাতে সরকারের নিয়ন্ত্রণ থাকে এবং সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে আমদানি করা হবে।’এর কিছুদিন পরই বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিনকে প্রধান করে টিসিবিকে কার্যকর করার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো কমিটির প্রতিবেদনে টিসিবিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা, এর পরিসম্পদ ও দায়দেনার মূল্য নির্ধারণ, সরকারি মালিকানায় রেখে সংস্থাটিকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা, পরিচালনা পর্ষদের ক্ষমতা বাড়ানো এবং গুদামঘর তৈরির সুপারিশ করা হয়। সূত্র জানায়, টিসিবিকে লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা ছাড়া তখন অন্য সব সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কিন্তু কাজ আর এগোয়নি। ‘টিসিবিকে শক্তিশালীকরণ ও এর কার্যক্রম গতিশীলকরণ’ শীর্ষক প্রধানমন্ত্রীর নির্দেশের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরও টনক নড়েনি বাণিজ্য মন্ত্রণালয়ের। কয়েক দফা চিঠি পাওয়ার পর ২০১০ সালে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবিকে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। সে অনুযায়ী টিসিবি তখন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরিও করে। স্বল্পমেয়াদির মধ্যে রয়েছে, টিসিবির জনবল কমপক্ষে তিন গুণ করা; পরিচালনা পর্ষদের সদস্য বর্তমানের দুজন থেকে বাড়িয়ে চারজন করা; রাজশাহী, বরিশাল, সিলেট ও নবগঠিত রংপুর বিভাগে আঞ্চলিক শাখা গঠন এবং পণ্য আমদানিতে গণখাতে ক্রয় আইন থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি।আর দীর্ঘমেয়াদির মধ্যে রয়েছে, গুদাম ব্যবস্থাপনার সম্প্রসারণ, পণ্যের উৎপাদন মৌসুমেই রপ্তানিকারক দেশ থেকে পণ্য আমদানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মোট চাহিদার ২৫ শতাংশ সরবরাহ নিজের নিয়ন্ত্রণে রাখা। টিসিবি কেন পারে না: টিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের অন্য অনেক প্রতিষ্ঠানের মতো টিসিবি কোনো লোকসানি প্রতিষ্ঠান নয়। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেও টিসিবি মুনাফা করে আসছে। প্রধান কার্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় টিসিবির ৪৩ বিঘা জমি রয়েছে। দরকার শুধু সরকারের নেকনজর, কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না। পণ্য আমদানি করতে সম্প্রতি টিসিবিকে এক হাজার কোটি টাকার রাষ্ট্রীয় নিশ্চয়তাপত্র বা লোন অন ট্রাস্ট রিসিট (এলটিআর) দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এলটিআর হলো পণ্য ক্রয় বা আমদানি করতে গেলে বিক্রেতা বা রপ্তানিকারককে দেওয়া এমন একটি নিশ্চয়তাপত্র, যাতে প্রকৃত ক্রেতা পাওনা পরিশোধে ব্যর্থ হলে সরকারের মনোনীত ব্যাংক তা মিটিয়ে দিতে বাধ্য থাকে।কিন্তু রপ্তানিকারক দেশের মৌসুমের সময় যখন পণ্যমূল্য কম থাকে, তখন টিসিবি পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারে না। ওই এলটিআর এলটিআরই থেকে যায়, বাস্তবে কোনো কাজে আসে না।টিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘দুর্বল হতে হতে প্রতিষ্ঠানটি এমন পর্যায়ে নেমে এসেছে যে এক টাকার সুতা কিনতে গেলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগে।’ জানা গেছে, পিপিআরের শর্ত থেকে অব্যাহতি পাওয়ার পরও টিসিবি যে পণ্য আমদানি করতে পারে না, তার অন্যতম কারণ হলো বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবিরই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি খাতের বড় ব্যবসায়ীদের আঁতাত। চলতি মাসের শুরুর দিকে চিনি ও ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘টিসিবিকে শক্তিশালী করার কাজ এগিয়ে চলেছে। জনবল নিয়োগের বিষয়টি সম্প্রতি পাস হয়েছে সচিব কমিটির বৈঠকে। আর চট্টগ্রামে গুদামও নির্মাণাধীন।’ ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয় ও টিসিবির কর্মকর্তাদের আঁতাত থাকার প্রশ্নই ওঠে না এবং এর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘এখন টিসিবির ক্ষমতা কম। সীমিত সাধ্যের মধ্যেও আমরা ভালো কিছুর চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব নির্দেশনাই ধীরে ধীরে হলেও বাস্তবায়িত হবে।’