দ্রব্যমূল্য নিয়ে সরকারের তামাশা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে রমজান মাসের আগেই জিনিসপত্রের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এখন বাজার নিয়ন্ত্রণের কথা বলে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এ কথা বলেন।বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়বে না বলা হলেও তার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি দলের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে এ কাজ করছে। দ্রব্যমূল্য নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও তামাশা শুরু করেছে।তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিন। অন্যথায় দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।আগামী নির্বাচনে বিএনপি না এলে কোনো সমস্যা হবে না, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে বাদ দিয়ে এ দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি অভিযোগ করেন, দেশকে অকার্যকর ও বিদেশিদের করদ-রাজ্য বানানোর জন্য বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতেই তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বরকতউল্লাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।ইয়ুথ ফোরামের আলোচনা সভা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য সংবিধানের ৭(খ) অনুচ্ছেদই যথেষ্ট। এই অনুচ্ছেদের কারণে ভবিষ্যতে যেকোনো বিচারপতি পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দেবে। আজ জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।