দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন উত্সব-পার্বণে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে পঞ্চম আন্তর্জাতিক নারী ক্ষুদ্র উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান রাখেন। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করে।ফারুক খান বলেন, ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। কিছু ব্যবসায়ীর অতি মুনাফার কারণে দেশের মানুষ দুর্ভোগে পড়ে। তবে এবার কোরবানির ঈদে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের ভূমিকাই বেশি ছিল বলে মন্তব্য করেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামকে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (স্পেশালাইজড ইকোনমিক জোন) হিসেবে গড়ে তুলতে সরকার রেলপথ, সড়কপথ উন্নয়নসহ, ফ্লাইওভার নির্মাণের কাজ হাতে নিয়েছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থানও। বিশ্বের অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চাঙা হয়ে উঠবে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআইয়ের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মনোয়ারা হাকিম আলী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, শামছুল হক, মাহজাবিন মোর্শেদ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাওয়ানুল কবীর প্রমুখ।পরে বাণিজ্যমন্ত্রী পতাকা উত্তোলন এবং মশাল জ্বালিয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন।