দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য বাণিজ্য মন্ত্রণালয় অনেকাংশে দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য অনেকাংশে মন্ত্রণালয়ের গাফিলতিকে দায়ী করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বলেছে, মন্ত্রণালয় আগে থেকে তত্পর হলে ৬৫ টাকার চিনি ৮০ টাকায় উঠতে পারত না। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের পর চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল হওয়াই প্রমাণ করে, মন্ত্রণালয়ের নজরদারির অভাব রয়েছে।আজ রোববার সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব কথা বলা হয়। কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, কমিটির সদস্য আবুল কাশেম, তহুরা আলী ও রুমানা মাহমুদ উপস্থিত ছিলেন।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জড়িত থাকার অভিযোগে ১০ জন ব্যবসায়ীকে সরকার নজরদারিতে রেখেছে। তাঁরাই পরস্পরের সঙ্গে যোগসাজশ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। বাজার জিম্মি করা এ ব্যবসায়ীদের চিহ্নিত করার পরই পরিস্থিতি পাল্টে যায়।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। এ পদক্ষেপ নেওয়ার পরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, এখন থেকে দ্রব্যমূল্যের ওপর মন্ত্রণালয়কে সার্বক্ষণিক নজর রাখতে বলা হয়েছে। আবুল কাশেম বলেন, মন্ত্রণালয়েরও অনেক সমস্যা আছে। তারা যে ধোয়া তুলসীপাতা এমন নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পেছনে তাদের গাফিলতিও একটি বড় কারণ।আবুল কাশেম বলেন, হঠাত্ করে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার জন্য কিছু ব্যবসায়ীই দায়ী। সরকার এ সময় ১০ জন ব্যবসায়ীকে চিহ্নিত করেছিল। তবে শেষ মুহূর্তে সরকারের নির্দেশনা মেনে চলায় তাঁদের গ্রেপ্তার করা হয়নি। ওই ১০ ব্যবসায়ী এখনো গোয়েন্দা নজরদারিতে আছেন বলেও জানান তিনি। তবে তাঁদের নাম-পরিচয় জানাননি তিনি।সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিসিবির ১১০০ ডিলারের মাধ্যমে এরই মধ্যে চিনি, ভোজ্যতেল ও মসুর ডালসহ বিভিন্ন পণ্য বাজারে ছেড়েছে। এ কাজ অব্যাহত থাকবে।কমিটির সভাপতি জানান, আগামী মঙ্গলবার সংসদীয় কমিটি দ্বিতীয় দফায় বাজার পরিদর্শনে যাবে। ওই দিন কমিটি রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর বাজার ও নিউমার্কেট বাজার পরিদর্শনে যাবে বলে জানান তিনি।