দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবাদমুখর ভারতবাসী
ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আজ বুধবার সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী দিল্লির রামলীলা প্রাঙ্গণে জড়ো হচ্ছে। বিক্ষোভকারীরা সেখান থেকে ভারতের সংসদ অভিমুখে যাত্রা করবেন। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইউনিয়ন এ বিক্ষোভের আয়োজন করেছে। ক্ষমতাসীন কংগ্রেস-সমর্থিত ইন্ডিয়ার ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসও এ বিক্ষোভে সমর্থন দিয়েছে। তারা বলেছে, গরিবের কাছে সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতেই তারা এ বিক্ষোভে সমর্থন দিয়েছে। আজ সকাল থেকেই বাস ও ট্রেনে করে বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভকারীরা রাজধানীতে আসতে শুরু করে। বিক্ষোভকারীরা লাল পতাকা ও দ্রব্যমূল্যে কমানোর আহ্বান-সংবলিত ব্যানার বহন করে দিল্লির রাস্তায় নেমে আসে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ বিক্ষোভকে কেন্দ্র করে সরকার কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। বিক্ষোভ কর্মসূচির অন্যতম আয়োজক কংগ্রেস ট্রেড ইউনিয়নের সম্পাদক পিজে রাজু রয়টার্সকে জানিয়েছেন, এ বিক্ষোভে তাদের দলেরই প্রায় এক লাখ মানুষ অংশ নেবে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে চাল, ডাল, আটা, ময়দা, দুধসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়েই চলছে।