দ্রুত এই ফাঁসির আদেশ কার্যকর করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের রায়কে ‘ঐতিহাসিক’ ঘটনা বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক)। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় তারামন বিবি বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে জাতি দীর্ঘদিনের দায়বদ্ধতার সংস্কৃতি থেকে মুক্ত হতে শুরু করল। আমি চাই, দ্রুত এই ফাঁসির আদেশ কার্যকর করা হোক।’আজ বাসসকে দেওয়া তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় একাত্তরের স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদান রাখা এই নারী মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে দেশে এক নতুন যুগের সূচনা হলো। আমি একাত্তরের যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আলশামসসহ স্বাধীনতাবিরোধীদের নির্যাতন ও লুটপাটের স্মৃতি কখনো ভুলতে পারব না।’ তিনি সব যুদ্ধাপরাধীর বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন করায় তারামন বিবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে অভিনন্দন জানান। গণহত্যা, ধর্ষণ, খুন, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার এবং রায় কার্যকর করার বিষয়ে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া তিনি যুদ্ধাপরাধের বিচার বানচালের যেকোনো যড়যন্ত্র রুখে দিতে স্বাধীনতার পক্ষের সব শক্তিকে সতর্ক থাকারও আহ্বান জানান।