এসকাপের ৬৬তম অধিবেশনের উদ্বোধন
দ্রুত জলবায়ু তহবিল সরবরাহের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) সক্ষম করে তুলতে অবিলম্বে ‘মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড’ গঠন এবং দ্রুত তাদের (স্বল্পোন্নত দেশ) মধ্যে তহবিল সরবরাহের আহ্বান জানিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, কোপেনহেগেনে জলবায়ুবিষয়ক সম্মেলনের প্রতিশ্রুত এ তহবিল অবশ্যই বাংলাদেশ, ভুটান, নেপাল ও মালদ্বীপের মতো ঝুঁকিপূর্ণ দেশকে পৃথক ব্যবস্থাপনায় দ্রুত প্রদান করতে হবে। তিনি বলেন, ‘আমরা খুব কম মাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছি। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।’প্রধানমন্ত্রী গতকাল সোমবার সকালে সিউলের সংদো কনভেনশন সেন্টারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে বক্তব্য দেন।অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ভিডিও প্রযুক্তির মাধ্যমে এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং উন চ্যান, ভানুয়াতুর প্রধানমন্ত্রী এডওয়ার্ড নাতাপেই, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নোয়েলিন হেইজার ও এসকাপের নির্বাহী সচিব বক্তব্য দেন।অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘অ্যাড্রেসিং চ্যালেঞ্জেস ইন দি এচিভমেন্ট অব দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস: প্রমোটিং এ স্টেবল অ্যান্ড সাপোর্টিভ ফিন্যান্সিয়াল সিস্টেম অ্যান্ড গ্রিন গ্রোথ’।প্রধানমন্ত্রী আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোয় স্বল্পোন্নত দেশগুলো থেকে পর্যাপ্ত প্রতিনিধি রাখার দাবি জানান। তিনি উন্নয়ন সহযোগীদের প্রতি স্বল্পোন্নত দেশগুলোর জন্য তাদের অঙ্গীকার পূরণে কাজ করে যাওয়ারও আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, সহায়তার পরিমাণ ও মান উন্নয়নে আরও অনেক কিছু করা প্রয়োজন। এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদনশীল খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি প্রয়োজন। এতে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।প্রধানমন্ত্রী বলেন, সুখী ভবিষ্যৎ ও সুন্দরতর বিশ্বের জন্য সামঞ্জস্যপূর্ণ ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলো এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে দৃঢ় অংশীদারি গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, মুক্ত বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে উন্নয়নশীল বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর অসন্তোষ অবশ্যই নিরসন করতে হবে।বাংলাদেশে বিনিয়োগের আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো, জাহাজ নির্মাণ, আইটি, অটোমোবাইল ও কৃষিভিত্তিক শিল্প খাতে আরও বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগ কামনা করেছেন। তিনি গতকাল সোমবার হোটেল গ্রান্ড হায়াতের ন্যামসান সম্মেলনকেন্দ্রে তাঁর সম্মানে কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) দেওয়া মধ্যাহ্নভোজসভায় বক্তৃতাকালে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সবাইকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ এবং আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’ অনুষ্ঠানে কেসিসিআইর চেয়ারম্যান কিয়ং শিক শন স্বাগত বক্তব্য দেন এবং এতে কোরিয়ান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা ও কোরিয়ার শীর্ষ ব্যবসায়ীরা যোগ দেন।বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুদ্ঘাটিত কোরিয়ার উদ্যোক্তাদের প্রতি সম্ভাবনাময় অনেক খাত রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশে বিদ্যমান ১৬ কোটি ভোক্তার বাজার, পর্যাপ্ত দক্ষ ও সস্তা শ্রমিক, স্বল্পব্যয়ের পরিবহন ব্যবস্থা ও অনুকূল বিনিয়োগনীতির কথা বিবেচনা করে আরও বিনিয়োগ করার আহ্বান জানান।পরিবেশ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর: পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, দক্ষিণ কোরিয়া সফররত শেখ হাসিনা ও সে দেশের পরিবেশমন্ত্রী লি মা নির মধ্যে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।সমঝোতা স্মারকের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এই সমঝোতা পরিবেশ সুরক্ষায় সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের পথ সুগম করবে।পরিবেশ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর: পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, দক্ষিণ কোরিয়া সফররত শেখ হাসিনা ও সে দেশের পরিবেশমন্ত্রী লি মা নির মধ্যে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।সমঝোতা স্মারকের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এই সমঝোতা পরিবেশ সুরক্ষায় সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের পথ সুগম করবে।