তিস্তার পানি বণ্টন চুক্তি যত দ্রুত সম্ভব সই করতে চায় বাংলাদেশ। অভিন্ন এ নদীটির পানি বণ্টনে বাংলাদেশের আগ্রহের বিষয়টি তোলা হবে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় শেখ হাসিনা-মনমোহন সিং শীর্ষ বৈঠকে।সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় ভিলিংগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে আলোচনায় বসবেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বুধবার আদ্দু সিটির ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের কাছে তিস্তা নিয়ে সরকারের অবস্থানের বিষয়টি এভাবে তুলে ধরেন।এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার কাছে সাংবাদিকেরা বৃহস্পতিবারের বৈঠকে তিস্তা নিয়ে অগ্রগতি হবে কি না জানতে চান। উত্তরে তিনি বলেন, ‘বৈঠক হবে আগামীকাল, আজ কীভাবে বলব! তবে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়েই দুই প্রধানমন্ত্রী কথা বলবেন।’সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতা আলোচনার সুযোগ পেয়েছেন। এ ধরনের সুযোগ এলে দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো বিষয় নিয়ে পর্যালোচনার সুযোগ তৈরি হয়। আগামীকালের বৈঠকে এটা হবে।’এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, গত সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর যে বিষয়গুলো অমীমাংসিত আছে সেগুলোসহ সব বিষয় নিয়ে আলোচনা হবে।পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘একই সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি, ট্রানজিট চালুর বিষয়গুলো খুব স্বাভাবিকভাবেই আলোচনা হবে। সম্পর্ককে এগিয়ে নিতে আমরা অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চালাব। পাশাপাশি সহযোগিতা সম্প্রসারণের জন্য নতুন নতুন ক্ষেত্র নিয়ে কথা বলতে চাই।’