দ্রুত পদ্মা সেতু নির্মাণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পদ্মা সেতু নির্মাণকাজ দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরোর আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী এ ব্যাপারে জোর দেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব জানান, প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে দেশের উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। দারিদ্র্য বিমোচনসহ বাংলাদেশের অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক কীভাবে সাহায্য সহযোগিতা করবে, সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে।সরকারের উন্নয়নমূলক প্রকল্পে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশকে নিয়মিত সহযোগিতা করারও আশ্বাস দেন ইসাবেল গুয়েরেরো।এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইলেন গোল্ডস্টেইন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মসিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম উপস্থিত ছিলেন। ইউএনবি।