দ্রুত পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গত ৯ ডিসেম্বর ছাত্রলীগের কর্মীদের হামলায় নিহত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে করা মামলায় দ্রুত পুলিশ প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন। আদালত বলেছেন, ‘ওই ঘটনার ভিডিও ফুটেজ আছে। গ্রেপ্তার হওয়া আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাক্ষুষ সাক্ষীও রয়েছে। ইতিমধ্যে দেড় মাস পেরিয়ে গেছে। এর পরও কেন অভিযোগপত্র (চার্জশিট) দিতে দেরি হচ্ছে? অভিযোগপত্র দাখিলে বিলম্ব হোক এটা আমরা চাই না।’ পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, আদালত দ্রুত পুলিশ প্রতিবেদন দাখিল করতে মৌখিক নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে।বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে ফৌজদারি কার্যবিধিতে করা এক আবেদনের শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট হত্যাকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে যাঁদের নাম-ছবি প্রকাশিত ও প্রচারিত হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে নির্দেশ দেন ও রুল জারি করেন। এরপর ২০ জানুয়ারি আদালত বিশ্বজিতের লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ অনুসারে গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দুটি আদালতে দাখিল করে। ওই দিন আদালত ময়নাতদন্তকারী চিকিত্সক মাকসুদুর রহমান ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হককে প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা দিতে আজ আদালতে হাজির হতে নির্দেশ দেন। সেই সঙ্গে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ ও সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে ভিডিও ফুটেজ দাখিল করতে বলা হয়।নির্দেশনা অনুসারে সকালে ময়নাতদন্তকারী চিকিত্সক মাকসুদুর রহমান ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হক আদালতে হাজির হন। সেই সঙ্গে এটিএন নিউজের ও গোয়েন্দা পুলিশের দেওয়া ভিডিও ফুটেজও দাখিল করা হয়। শুনানিকালে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের ভিডিও ফুটেজ আদালতে প্রদর্শন করা হয়। ফুটেজ ও প্রতিবেদন পর্যালোচনা করে আদালত বলেন, ‘প্রতিবেদনে বিশ্বজিৎ র পিঠে, কোমরের ওপর ও পায়ে হালকা জখম দেখা যাচ্ছে। ডান হাতের পাখনার নিচে তিন ইঞ্চি জখম, বাম পায়ের হাঁটুর নিচে ছেড়া জখম রয়েছে। ভিডিও ফুটেজে অনেক আঘাতের দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে মূলত একটি জখমের কথা উল্লেখ রয়েছে।’ আদালত বলেন, ‘কখন সুরতহাল করেছেন?’ জবাবে উপপরিদর্শক মো. জাহিদুল হক বলেন, ‘ঘটনার দিন বেলা পৌনে ১২টায় লাশের সুরতহাল করা হয়। সুরতহাল করার সময় ডান হাতের পাখনার নিচে বড় ধরনের জখম দেখতে পেয়েছি। ওখান থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে বিশ্বজিত্ মারা যান।’ তিনি বলেন, ‘একজন রিকশাচালক বিশ্বজিেক হাসপাতালে নিয়ে যান। রিকশাচালক জানান, প্রথমে বিশ্বজিেক ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিত্সকেরা তাঁকে স্যার সলিমুল্লা¬হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।’ এ পর্যায়ে আদালত বলেন, ‘কেন পুলিশ তাঁকে নেয়নি? একজন রিকশাওয়ালা জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেছে, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।’শুনানিতে চিকিত্সক মাকসুদুর রহমান বলেন, ‘ডান পাখনার নিচে ধমনি (আর্টারি) কেটে যাওয়ার কারণে বিশ্বজিত্ মারা যান।’হাসপাতালের জরুরি বিভাগ যথাযথ চিকিত্সা দিয়েছে কি না—আদালতের প্রশ্নের জবাবে চিকিত্সক বলেন, ‘আমার জানা নেই।’ এই পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই। তবে সকাল নয়টা ২৫ মিনিটে বিশ্বজিেক হাসপাতালে নেওয়া হয়। নয়টা ৫৫ মিনিটে তিনি মারা যান।’ আদালত বলেন, ‘জরুরি বিভাগে রোগী ফেলে রাখা নিয়মে পরিণত হয়েছে। প্রাথমিক সেবা দেয়ার জন্য রসিদ বা টাকার প্রসঙ্গ পরে আসতে পারে। এ ক্ষেত্রে সবার আগে চিকিত্সকের প্রথম দায়িত্ব হলো রোগীর জীবন রক্ষা করা।’ আদালত আরও বলেন, ‘আমরা (আদালত) যদি আরও কঠোর না হই, তাহলে চিকিত্সায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা বন্ধ হবে না। এসব ঘটনায় শুধু আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট নয়।’ আদালত চিকিত্সকের উদ্দেশে বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভিকটিম কখনোই এক জায়গায় স্থির ছিল না। সে চলমান ছিল। ফুটেজ ভিন্ন কথা বলছে।’ আদালত বলেন, ‘কারও দ্বারা প্রভাবিত হয়ে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছেন কি?’ জবাবে মাকসুদুর রহমান বলেন, ‘না, লাশের শরীরে আঘাতের চিহ্ন যা পেয়েছি, তা-ই লিখেছি।’ এ পর্যায়ে আইনজীবী মতিন খসরু বলেন, ‘গোটা জাতি এ বীভত্স ঘটনা প্রত্যক্ষ করেছে। ঘটনার সঠিক বিচার হতেই হবে। একটা মানুষকে কি কেউ এভাবে মারতে পারে?’ এ পর্যায়ে আদালত বলেন, ‘একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, এটাই বড় কথা। আমরা যদি এখন কোনো আদেশ দিই সে ক্ষেত্রে মামলাটির বিচারকাজ বাধাগ্রস্ত হতে পারে।’ ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ‘বিষয়টি মুলতবি রাখা যেতে পারে। পুলিশ প্রতিবেদন দাখিল করতে দেরি হলে আদালত হস্তক্ষেপ করতে পারেন।’ পরে আদালত দুই মাস শুনানি মুলতবি করে দ্রুত পুলিশ প্রতিবেদন দাখিল করতে বলেন। সেই সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে বলেন।