যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে ঋণচুক্তির আওতায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হবে। আগামীকাল ঢাকায় ঋণচুক্তি পর্যালোচনা বৈঠকে ভারত এ অনুরোধ জানাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ১০০ কোটি ডলার (প্রায় আট হাজার কোটি টাকা) ঋণচুক্তির মধ্যে ইতিমধ্যেই ২০ কোটি ডলার বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এর ৮০ কোটি ডলারের আওতায় ইতিমধ্যে ১৫টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চূড়ান্ত হয়েছে ১২টি। ইআরডির যুগ্ম সচিব আসিফুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ঋণচুক্তির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা কাল বুধবার ঢাকায় বৈঠক করবেন। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন আসিফুজ্জামান আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন অংশীদারি প্রশাসন) রাধিকা পি লোকেশ।ইআরডির ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত মে মাসে ভারত ঋণচুক্তি থেকে ২০ কোটি ডলার বাংলাদেশকে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্পে ভারতীয় পণ্য ৮৫ ভাগ নেওয়ার শর্তেও ছাড় দেওয়া হয়েছে। ভারত থেকে পণ্য কেনার শর্তে ছাড় দিয়ে এ হার সামগ্রিক ভাগে ৭০ ভাগ করা হয়েছে। ক্ষেত্রবিশেষে এ হার ৫৫ থেকে ৬৫ ভাগ হবে। এসব বিষয় উল্লেখ করে সংশোধিত চুক্তি সইয়ের কথা রয়েছে। জানতে চাইলে সম্প্রতি ভারত সফর করে আসা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত ঋণচুক্তির প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আশা করছে। ভারতীয় নেতারা মনে করেন, এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে দুই দেশের যোগাযোগব্যবস্থা সম্প্রসারিত হবে। ২০১০ সালের ৬ আগস্ট ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঋণচুক্তি সই হয়। ২০১০ সালের ১১ জানুয়ারি দিল্লিতে হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।প্রকল্পের পরিস্থিতি: ইআরডি সূত্রে জানা গেছে, ঋণচুক্তির আওতায় এ পর্যন্ত সাতটি প্রকল্পের দরপত্র শেষে চুক্তি সই হয়েছে। দরপত্র প্রক্রিয়া চলছে চার প্রকল্পের। আর অন্য একটি প্রকল্প চূড়ান্ত হলেও এটির দরপত্র প্রক্রিয়া শুরু হয়নি। সব মিলিয়ে ১২টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৬ কোটি ডলার।চূড়ান্ত হওয়া সাত প্রকল্প হচ্ছে ৩০০টি দোতলা ও ১৫০টি বাস সরবরাহ, অ্যাপ্রোচ রেললাইনসহ দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ, সমীক্ষা শেষে খুলনা-মংলা বন্দর রুটে রেললাইন স্থাপন, ১৮০টি ব্রডগেজের জ্বালানি তেলের ওয়াগন ও ছয়টি ব্রেক ভ্যান, ডিজেলচালিত ব্রজগেজের ১০টি বৈদ্যুতিক ইঞ্জিন, ১০০টি তেলের ওয়াগন ও উড়োজাহাজের জ্বালানি বহনকারী পাঁচটি ব্রেক-ভ্যান এবং ডিজেলচালিত ব্রডগেজের ৩০টি ইঞ্জিন সরবরাহ।ইআরডির কর্মকর্তারা জানান, বাস প্রকল্পটি এ বছরের মধ্যে শেষ হতে পারে। দোতলা বাস সরবরাহের জন্য অশোক লেল্যান্ডকে গত বছরের আগস্টে কার্যাদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ১২৯টি বাস এসেছে। এ বছরের মধ্যে সব বাস সরবরাহের আশ্বাস দিয়েছে অশোক লেল্যান্ড। একই প্রতিষ্ঠানের সঙ্গে ১৫০টি বাস সরবরাহের চুক্তি সই হয়েছে। আগামী বছরের মাঝামাঝি এগুলো সরবরাহ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ঋণচুক্তি ৮০ কোটি ডলারের মধ্যে ৬৬ কোটি ডলারের প্রকল্পগুলো চূড়ান্ত হয়েছে। অবশিষ্ট ১৪ কোটি ডলারে তিনটি প্রকল্প নেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে রেলওয়ের জন্য ৭০টি শীততাপনিয়ন্ত্রিত কোচ, আশুগঞ্জকে আধুনিক অভ্যন্তরীণ নৌবন্দরে রূপান্তরিত করতে সমীক্ষা পরিচালনা এবং বিএসটিআইয়ের আধুনিকায়ন। খননযন্ত্র সরবরাহ নিয়ে সংশয়: ঋণচুক্তির একটি প্রকল্পের আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড এবং মংলা বন্দরের জন্য পৃথকভাবে সাতটি খননযন্ত্র কেনার কথা রয়েছে। দরপত্র প্রক্রিয়ার শর্তে পরিবর্তনসহ নানা কারণে এ প্রকল্প বাস্তবায়ন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, দরপত্রের শর্তে পরিবর্তন, অতিরিক্ত মূল্য ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ইতিপূর্বে যোগ্য বিবেচিত হয়নি। ফলে তৃতীয়বারের মতো দরপত্র আহ্বান শেষে এখন দরপত্র মূল্যায়ন চলছে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় বিআইডব্লিউটিএর দরপত্রে তিনটি খননযন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রস্তাবিত দর দেওয়া হয়েছিল প্রায় ৩০০ কোটি টাকা। সর্বশেষ অর্থাৎ তৃতীয় দরপত্রে এ দর নেমে এসেছে প্রায় ১৮০ কোটি টাকায়। তবে এই দরপত্রে ভোসতা এলএমজি নামের ডাচ প্রতিষ্ঠানটি বিইএমএল নামে একটি ভারতীয় প্রতিষ্ঠান এবং ভারতী নামের ভারতেরই অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে ভারতী-ভিএলকে (ভোসতা কর্ণফুলী লিমিটেড) জেভিসি নামে অংশ নিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দরপত্রের ১৭ ধারা উল্লেখ করে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান এককভাবে কিংবা যৌথ বিনিয়োগকারী হিসেবে শুধু একটি দরপত্র জমা দিতে পারে। কোনো প্রতিষ্ঠান একাধিক দরপত্র জমা দিলে সে আবেদন প্রত্যাখ্যানের বিধান রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উল্লিখিত প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দিতে দরপত্রের শর্তে পরিবর্তন আনা হয়েছে। যোগ্যতার শর্তে প্রথমে বলা হয়েছিল, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের এ ধরনের পণ্য সরবরাহের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। অথচ পরে দরপত্রের পরিবর্তিত শর্তে বলা হয়েছে, দরপত্রে অংশগ্রহণকারী কিংবা যৌথ বিনিয়োগকারী অংশীদার খননযন্ত্র উৎপাদনকারী হলে ন্যূনতম দুটি খননযন্ত্র উৎপাদনের অভিজ্ঞতা থাকলেই চলবে। এ ছাড়া ঋণচুক্তির শর্ত অনুযায়ী, ইতিপূর্বে ভারত থেকে ৭০ ভাগ পণ্য সংগ্রহের বিধান সংশোধন করে তা ৩০ ভাগে নামিয়ে আনা হয়। এতে করে বাংলাদেশের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অথচ এ শর্ত পরিবর্তনের পর মাত্র এক সপ্তাহে দরপত্র আহ্বান করে একটি প্রতিষ্ঠানকে কাজ পাওয়ার পথ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।