দ্রুত বাজেট ঘাটতি কমাতে একমত হলো জি২০ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার টরেন্টোতে জি২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণকারী নেতারা অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত না করে জাতীয় বাজেট ঘাটতি কমাতে একমত হয়েছেন।বৈঠকের আয়োজক কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, উন্নত দেশগুলোকে তিন বছরের মধ্যে তাদের ঘাটতি অর্ধেকে নামিয়ে আনতে হবে।সংবাদদাতারা জানান, জি২০-এর প্রধান সদস্য দেশগুলো বৈঠকের আগেই এ বিষয়ে একমত হয়েছিল।হার্পার বলেন, ব্যাংকগুলোর ওপর একটি বৈশ্বিক করারোপের (গ্লোবাল লেভি) প্রস্তাব এলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। তার বদলে এ ব্যাপারে প্রতিটি দেশ নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। হার্পার আরও বলেন, ২০১৬ সালের মধ্যে অর্থনীতির অনুপাতে সরকারি ঋণের পরিমাণ অন্তত স্থিতিশীল পর্যায়ে আসা অথবা কমে আসতে শুরু করা উচিত।এদিকে জি-২০ শীর্ষ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় পরবর্তী জি-২০ শীর্ষ বৈঠকে ব্যাংকগুলোর ওপর অপেক্ষাকৃত বেশি মূলধনের প্রয়োজনীয়তাসহ এখনকার তুলনায় কঠিনতর কিছু বিধি-নিষেধ আরোপ করা হবে। তিনি বলেন, ‘বর্তমান অর্থনৈতিক সংকটের পুনরাবৃত্তি এড়াতে যা কিছু করা প্রয়োজন আমাদের তার সবকিছু অবশ্যই করতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জওয়াবে ওবামা বলেন, ডলারের বিপরীতে রেনমিনবির বিনিময় মূল্য স্বাধীনভাবে ওঠানামা করতে দেওয়ার সাম্প্রতিক অঙ্গীকারের ফলে চীনা মুদ্রার দাম বাড়বে বলে তিনি আশা করেন।ওবামা বলেন, ‘মন্দা কাটিয়ে শক্তিশালী ও টেকসই অবস্থানে আসার জন্য কোনো দেশেরই কোনো অসংগত সুবিধা নেওয়ার প্রয়োজন নেই। তাই আমরা বাজারনির্ভর মুদ্রার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট হুকে গতকাল বলেছি যে মুদ্রার মূল্যকে বাজারের ওপর ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত চীন নিয়েছে তাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।’কিন্তু মুদ্রা ব্যবস্থাপনার ওপর বৈঠকের চূড়ান্ত ঘোষণায় একটি বাক্য অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে চীন। তাঁর মতে, এটি একটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে সম্পৃক্ত। গত মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ডেভিড ক্যামেরন এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন। তিনি বলেন, আরও উন্নতি অর্জনের লক্ষ্যে বিশ্ব বাণিজ্য বিষয়ে স্থগিত দোহা রাউন্ডের আলোচনার পরিসর আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে।ক্যামেরন বলেন, ‘আমি দোহা রাউন্ড সমাপ্ত করার পক্ষপাতী। কিন্তু আমরা এ ব্যাপারে এগোতে পারছি না। আমাদের ভিন্ন উপায়ে কাজ করতে হবে, যাতে এই আট বছরব্যাপী চালানো আলাপ-আলোচনা একটা উপসংহারে পৌঁছে।’ এদিকে ২০টি প্রধান ও বিকাশমান অর্থনীতির দেশ বাজেট কমানোর হার নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৈশ্বিক উন্নয়নের গতি ব্যাহত হওয়ার আশঙ্কায় অতি দ্রুত ও খুব বেশি হারে বাজেট কমানোর বিরুদ্ধে অন্যদের সতর্ক করে দেন। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সরকারের আর্থিক ঘাটতি পূরণে দ্রুত ও বড় অঙ্কের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো বিকাশমান অর্থনীতির দেশগুলো আশঙ্কা করছে ধনী দেশগুলোর বাজেট হ্রাস তাদের রপ্তানি-নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।—বিবিসি অনলাইন