দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে চতুর্থবারের মতো আইনটির মেয়াদ বাড়ছে। আপাতত অধ্যাদেশ জারি করে আইনটির মেয়াদ বাড়ানো হবে। সংসদের আগামী অধিবেশনে অধ্যাদেশটির আইনি অনুমোদন দেওয়া হবে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনটি প্রণয়ন করা হয়। তখন আওয়ামী লীগ এ আইনটিকে কালো আখ্যা দিয়ে বিরোধিতা করে। এর প্রতিবাদে আওয়ামী লীগ হরতালসহ নানা কর্মসূচিও পালন করে। প্রাথমিকভাবে এ আইনের মেয়াদ ছিল ২০০৪ সাল পর্যন্ত। এরপর বিএনপি সরকার দুই বছর করে আইনটির মেয়াদ পর্যায়ক্রমে ২০০৬, ২০০৮ ও তত্ত্বাবধায়ক সরকার ২০১০ সাল পর্যন্ত বাড়ায়।৯ এপ্রিল আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন, ২০১০-এর মেয়াদ শেষ হবে। এ আইনে সারা দেশে বিপুলসংখ্যক মামলা তদন্তাধীন ও বিচারাধীন থাকায় আইনটির মেয়াদ ২০১২ সালের ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, ছিনতাই, দস্যুতা, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০০২ সালে আইনটি করা হয়। আইনটি প্রথম দফায় দুই বছরের জন্য করা হয়। পরে আরও তিন দফা আইনটির মেয়াদ বাড়ানো হয়।আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আইনটি বাতিল হলে চলমান মামলাগুলোর তদন্ত ও বিচার বন্ধ হয়ে যাবে। তাই মেয়াদ বাড়ানোর নীগিতগত সিদ্ধান্ত হয়েছে বলে আমার ধারণা।’চিকিৎসকদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক: চিকিৎসকদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। নিবন্ধন ছাড়া কোনো চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত হতে পারবেন না। এ সংক্রান্ত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনো চিকিৎসক নিবন্ধন ছাড়া পদবি ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা ও শিক্ষা দিলেও একই ধরনের দণ্ড হবে। এমনকি বিদেশ থেকে চিকিৎসা ডিগ্রি নিয়ে দেশে এসে চিকিৎসাসেবা দিতে হলে কাউন্সিলে নিবন্ধিত হতে হবে।এ সম্পর্কে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেন, আগের আইনটি অনেক পুরোনো হওয়ায় এর সংস্কারের প্রয়োজন পড়ে। নতুন আইনটি পাস হলে ভুয়া চিকিত্কদের চিকিৎসা পেশায় থাকার সুযোগ থাকবে না।ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট বঙ্গবন্ধু কল্যাণ ফাউন্ডেশনে ন্যস্ত: গতকালের মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১০ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব বলেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ১৯৭৫ সালের ২৮ জুলাই বঙ্গবন্ধু অনুমোদন দেন। ফাউন্ডেশনের নামে সাত লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়। পরে স্থায়ী আমানত হিসেবে তা ব্যাংকে রাখা হয়। বর্তমানে এক কোটি ২০ লাখ টাকা ফাউন্ডেশনের তহবিল। ১৯৮৫ সালে ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। ক্রীড়াবিদ কল্যাণ ফাউন্ডেশনকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফউন্ডেশনে ন্যস্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়।বিশেষ পর্যটন অঞ্চল: বাংলাদেশের যেকোনো সুন্দর স্থাপনা বা এলাকা প্রজ্ঞাপন জারি করে পর্যটনের জন্য সংরক্ষিত এবং বিশেষ পর্যটন অঞ্চল ঘোষণা করতে পারবে সরকার। বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন গতকাল মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কেউ আইনটি লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।আইনটি সম্পর্কে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, আইনটি পাস হলে দেশে পর্যটনশিল্পের বিকাশে সহায়ক হবে।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে বিরোধী দলের সরকারবিরোধী নানা অভিযোগ নিয়ে কথা বলেন।বৈঠকে প্রধানমন্ত্রীর কুয়েত সফরের প্রতিবেদন পেশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।