দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়াতে আজ বৃহস্পতিবার সংসদে বিল পাস করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে এ সংক্রান্ত ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন-২০১০’ সংসদে উপস্থাপন করেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিরোধী দলের অনুপস্থিতিতে বিলটি কণ্ঠ ভোটে পাস হয়। তবে বিলে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের একটি সংশোধনী গৃহীত হয়। আইনটি পাস হওয়ায় দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বলবত্ থাকবে।আইনটির মেয়াদ বাড়ানোর কারণ-সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন করা, সম্পত্তি নষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতির সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন প্রভৃতি গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০০২ সালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জারি করা হয়েছিল। ওই সময় এ আইনের মেয়াদ ছিল দুই বছর। এরপর তিন দফায় এ আইনটির মেয়াদ বাড়িয়ে ২০১০ সালের ৯ এপ্রিল পর্যন্ত করা হয়।এরপর বর্তমান সরকার আইনটির প্রয়োজনীয়তা বোধ করে এর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ আইনের অধীনে ৮৬৫টি মামলা তদন্তনাধীন এবং এক হাজার ৭৪৭টি মামলা বিচারাধীন। মামলাগুলোর নিষ্পত্তি এবং ছিনতাই, চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টির অপরাধ দমনে এ আইনটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন।১৭ জুন সাহারা খাতুন ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১০’ সংসদে উত্থাপন করেন।