দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়াতে সংসদে বিল আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ বৃহস্পতিবার এজন্য সংসদে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন-২০১০ সংসদে উপস্থাপন করেন।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। আইনটি পাস হলে দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বলবত্ থাকবে।আইনটির মেয়াদ বাড়ানোর কারণসংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন করা, সম্পত্তি নষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতির সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন প্রভৃতি গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ২০০২ সালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জারি করা হয়েছিল। ওই সময় এ আইনের মেয়াদ ছিল দুই বছর।এরপর তিন দফায় এ আইনটির মেয়াদ বাড়িয়ে ২০১০ সালের ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। বর্তমান সরকারও আইনটির প্রয়োজনীয়তা বোধ করে এর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ আইনের অধীনে ৮৬৫টি তদন্তনাধীন এবং এক হাজার ৭৪৭টি বিচারাধীন মামলা রয়েছে।এ মামলাগুলোর নিষ্পত্তি এবং ছিনতাই, চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টির অপরাধ দমনে আইনটির মেয়াদ বাড়ানোর প্রয়োজন।