দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার আইনের মেয়াদ ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রেখে সংসদে বিল উত্থাপিত হয়েছে।‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন বিল ২০১২’ বিলটি আজ মঙ্গলবার সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।২০০২ সালে আইনটি প্রণীত হওয়ার পর দুই বছর কার্যকর ছিল। তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকার দুই দফায় এর মেয়াদ বাড়ায়। বর্তমান সরকারও ২০১০ সালে আইনটির মেয়াদ দুই বছর বাড়িয়ে এ বছরের এপ্রিল পর্যন্ত করেছিল।উত্থাপনের পর বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়, ছিনতাই, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির অপরাধগুলোর কার্যকরভাবে মোকাবিলা করা—এসব অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে এবং এই আইনের অধীনে তদন্তাধীন ও বিচারাধীন দুই হাজার ২৬৯ টি মামলা নিষ্পত্তির লক্ষ্যে আইনটির মেয়াদ ২০১৪ সালের ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো দরকার। আরও বলা হয়েছে, চাঁদাবাজি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতি সাধন করা, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয় বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি গুরুতর অপরাধের দ্রুত বিচারের মাধ্যমে আইন-শৃঙ্খলার অধিকতর উন্নতির লক্ষ্যে ২০০২ সালে আইনটি প্রণয়ন ও জারি করা হয়।এ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করে পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) বিল ২০১২ সংসদে পাস হয়েছে। সংসদকার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে বিলটি সংসদে উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।